যুগ্ম ও উপসচিব পর্যায়ের ৯ জনকে পদায়ন, দু’জন ওএসডি
জনপ্রশাসনের যুগ্ম সচিব ও উপ-সচিব পর্যায়ের আরো ১২ কর্মকর্তাকে পদায়ন, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও বদলি করা হয়েছে। এদের মধ্যে এক যুগ্ম সচিব ও ৮ উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে পদায়ন এবং দুই উপসচিব পর্যায়ের কর্মকর্তাকে ওএসডি করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় পৃথক পৃথক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এ তথ্য জানায়।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব মহসীনা ফেরদৌসীকে সাভারের কর্মজীবী শিশুদের শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক হিসেবে বদলির আদেশাধীন দিনাজপুরের প্রাক্তন জেলা প্রশাসক সুরুত জামান ও মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব মজিবুর রহমানকে ওএসডি করা হয়েছে।
উপ ওয়াকফ প্রশাসক নেপুর আহমেদকে ভিজিডি-এনএনপি ইমপ্লিমেনটেশন কোলেটোরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ওএসডি উপসচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ডিএম গোলাম ফারুককে উপ-ওয়াকফ প্রশাসক, জাহাঙ্গীর আলম খানকে বিআরটিসি’র মহাব্যবস্থাপক, খন্দকার আনোয়ারুল ইসলামকে জাতীয় সংসদ সচিবালয়ের উপ-সচিব, রুহুল আমিনকে দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট-এর সদস্য, তসলিম আরা বেগমকে ইজিবিএমপির কাউন্টারপার্ট অফিসার, জাহিদ হোসেনকে মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব, আনোয়ার হোসেনকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক এবং ড. সিরাজুল ইসলামকে বাংলাদেশ এগ্রিবিজনেস ডেভেলপমেন্ট প্রকল্পের সিনিয়র পলিসি অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
