রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা শুরু করতে পারেন উপদেষ্টারা
বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে থেমে যাওয়া আলোচনা নতুন করে শুরুর বিষয়ে কথা হয়েছে।
বুধবার রাতে বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়ে নবনিযুক্ত উপদেষ্টা শফিকুল হক চৌধুরী বলেন, “নির্বাচন কমিশনারদের মধ্যে যাদের ব্যাপারে কিছু রাজনৈতিক দলের আপত্তি আছে তাদের নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, “পাঁচ শতাংশ সমস্যা রয়ে গেছে। এটুকুর সমাধান হলেই বাকিগুলোও মিটে যাবে। পুরনো সমস্যা নতুনভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।”
মঙ্গলবার নতুন চার উপদেষ্টাকে নিয়োগ দেয়ার পরদিন এ বৈঠক হলো। আর বরাবরের মতো বৈঠক বিষয়ে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের ব্রিফিং করে এলেও বুধবার তিনি তা করেননি।
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এই বৈঠকে চলমান রাজনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৮ টা ২৫ মিনিট পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে বিচারপতি ফজলুল হক ছাড়া সব উপদেষ্টাই উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের শফিকুল হক বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও আনসার বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুন করে আলোচনার ব্যাপারে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না– সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ব্যাপারে নতুন উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।
“আমাদের তিন দিনের সময় দিন।” এর মধ্যেই তিনি সুখবর নিয়ে আসতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনের তারিখ পরিবর্তন করা হবে কি না– এ ব্যাপারে জানতে চাইলে নবনিযুক্ত উপদেষ্টা জানান, তফসিল অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচন কোনো অবস্থাতেই পেছানো যাবে না বলে তিনি জানান।
সারা দেশে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে তিনি বলেন, “সেনাবাহিনী বসে থাকবে। তারা কোনো অভিযানে নামবে না। যখন পুলিশ মরে যায়, তখন সেনাবাহিনী নামে।”
রাজনৈতিক দলগুলোর কাছে নতুন কোনো প্রস্তাব নিয়ে যাওয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে কি না– জানতে চাইলে অন্য উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেন, “নতুন কোনো প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করছি না। পুরনো প্রস্তাবের ব্যাপারেই আমরা উদ্যোগী হয়েছি।”
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার জন্য আগে যে কমিটি গঠন করা হয়েছিল আগের চার উপদেষ্টার পদত্যাগের মধ্য দিয়ে তা ভেঙে গেছে। এ ব্যাপারে নতুন করে কোনো কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানান ধীরাজ কুমার নাথ।
তবে তিনি বলেন, “আমরা সম্মিলিতভাবে সমস্যা সমাধানের চেষ্টা চালাব।”
