২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: রুহুল আলম চৌধুরী

সব দল অংশ না নিলে নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না। দায়িত্ব নেওয়ার পর তিনি বৃহস্পতিবার দুপুরে প্রথমদিনের মতো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বলেছেন, উপদেষ্টা রুহুল আলম চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “অবশ্যই সবাইকে আসতে হবে। তা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। না দেশে না বিদেশে।”

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে রুহুল বলেন, “সেনাবাহিনী প্রস্তুত থাকবে এবং বেসামরিক প্রশাসনের প্রয়োজন হলে তাদের কাজে লাগানো হবে।”

বুধবার রাতে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক কি আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, পুলিশকে আরও তৎপর হতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে আরও জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা।

বর্তমান পরিস্থিতি উত্তরণে তিনি কতটা আশাবাদী প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, “মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, তেমনি রাজনৈতিক দলগুলো নির্বাচন ছাড়া থাকতে পারে না।”

ভোট গ্রহণের তারিখ পেছনো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক সন্ত্রাসীদের তালিকা কিংবা চরমপন্থীদের নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “সন্ত্রাসীদের তালিকা বিষয়ে আমার জানা নেই। তবে চরমপন্থী নিয়ে কোনো আলোচনা হয়নি।”

তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে রুহুল বলেন, “এ বিষয়ে আমি কিছু বলবো না। কারণ, আমাদের মুখপাত্র হচ্ছেন উপদেষ্টা মাহবুবুল আলম।”

নতুন উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে ১৪ দলের তোলা প্রশ্নকে কিভাবে দেখেন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ নিয়ে প্রশ্ন থাকতেই পারে।

তিনি পাল্টা প্রশ্ন করেন, “আপনারা যেসব সাংবাদিক এখানে এসেছেন তারা কে কি মতের?”

তিন পার্বত্য জেলায় মোবাইল নেটওয়ার্ক চালু প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। পার্বত্য অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক দেওয়ার ব্যাপারে পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে। তবে ব্যক্তিগতভাবে আমি ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক চালুর পক্ষে।”