নতুন চার উপদেষ্টা গণবিরোধী: জলিল
পদত্যাগী ৪ উপদেষ্টার জায়গায় যাদের আনা হয়েছে তাদের গণবিরোধী হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, “তারা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন। এদের ৭১ এর চেতনায় ধাওয়া দিতে হবে। জনগণ থেকে তাদের বিচ্ছিন্ন করতে হবে।”
অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, “রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন এবং অব্যাহতভাবে সংবিধান লংঘন করে যাচ্ছেন।” তাঁর অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, “ইয়াজউদ্দিন আহম্মেদ সব কিছুর জন্য দায়ী। তাঁর দলীয় দৃষ্টিভঙ্গী জাতীয় সমস্যা থেকে উত্তরণের পথে মূল বাধা।”
দলের ধানমণ্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও ১৪ দলের জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল এ সব কথা বলেন। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে প্রায় ৩ ঘন্টা ধরে সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক দু’টি অনুষ্ঠিত হয়।
পদত্যাগী ৪ উপদেষ্টার জায়গায় যাদের আনা হয়েছে তাদের গণবিরোধী হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তারা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছেন। এদের ৭১ এর চেতনায় ধাওয়া দিতে হবে। জনগণ থেকে বিচ্যুত করতে হবে।”
ভোটার তালিকা সুষ্ঠুভাবে হালনাগাদের দাবিতে আগামী ১৪ ডিসেম্বর দেশের সকল জেলা ও উপজেলায় নির্বাচনী অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করে আব্দুল জলিল বলেন, “তালিকা অসম্পূর্ণ রেখে কোনোভাবেই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।”
তিনি বলেন , “এখন যেভাবে তালিকা সংশোধন করা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়।” ভোটার তালিকা সংশোধনেরও সময় বাড়ানোরও দাবি জানান আব্দুল জলিল।
চার উপদেষ্টা পদত্যাগ করায় তাদের অভিনন্দন জানিয়ে আব্দুল জলিল বলেন, “নির্বাচন প্রক্রিয়া ধ্বংসের জন্য তারা রাষ্টপতিকেই দায়ী করেছেন।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত প্রমুখ।
