২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন নতুন চার উপদেষ্টা, ১৪ দলের প্রত্যাখান

পদত্যাগী চার উপদেষ্টার মত সিদ্ধান্ত পাল্টাতে ব্যর্থ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ মঙ্গলবার তাদের জায়গায় নতুন চারজনকে নিয়োগ দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 12:10 AM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নতুন এই উপদেষ্টাদের গণবিরোধী মানুষ আখ্যা দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল বলেছে, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই ধাওয়া দিতে হবে।

বিএনপি নেতৃত্বাধীন ৪ দল অবশ্য তাদের নিয়োগকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছে।

এদিকে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম মঙ্গলবার দিনভর দাপ্তরিক কাজ থেকে বিরত থাকায় তিনিও পদত্যাগ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে তিনি পরে সাংবাদিকদের বলেন, অসুস্থ বোধ করায় তিনি কাজে যাননি।

মঙ্গলবার শপথ নেওয়া নতুন চার উপদেষ্টা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাঈনউদ্দিন খান, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল রুহুল আলম, বেসরকারি সাহায্য সংস্থা আশা’র প্রেসিডেন্ট সফিকুল হক চৌধুরী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. শোয়েব আহমেদ। রাতেই তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়।

নতুন উপদেষ্টাদের দপ্তর বন্টন

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ মঙ্গলবার রাতে নতুন নিয়োগ করা চার উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করেছেন।

রুহুল আলম চৌধুরীকে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, যোগাযোগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সফিকুল হক চৌধুরীকে দেয়া হয়েছে কৃষি, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

মঈন উদ্দিন খানকে শিল্প, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও শোয়েব আহমেদকে অর্থ ও পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম বিভ্রান্তি

উপদেষ্টা পদে নিয়োগের তালিকায় থাকা আরেকজন সাবেক সচিব নজরুল ইসলামকে নিয়ে মঙ্গলবার দিনভর কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলেই নজরুল ইসলাম শপথ নিচ্ছেন বঙ্গভবন সূত্র এরকমটি জানালেও বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত তিনি শপথ নেননি।

উপদেষ্টা ধীরাজ কুমার নাথ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, “আমি যতদূর জানি তিনি ঢাকার বাইরে রয়েছেন।”

একটি সুত্র জানিয়েছে, নির্দিষ্ট গাড়ি প্রস্তুত না থাকায় বঙ্গভবন থেকে নজরুল ইসলামকে টেলিফোন করে বলা হয় “আপনি নিজের গাড়িতে করে চলে আসুন। পরে আপনার গাড়ির ব্যবস্থা করা হবে।”

কিন্তু এ প্রস্তাবে তিনি রাজি হননি।

চার উপদেষ্টার নিয়োগ ও শপথ

মাঈনউদ্দিন খান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম ও সফিকুল হক চৌধুরী বঙ্গভবনের ডাক পেয়ে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শপথ নেন। এর পর সন্ধ্যা সড়ে ৭টায় শপথ নেন ড. শোয়েব আহমেদ।

শপথ নেওয়ার পর সফিকুল হক চৌধুরী বঙ্গভবনের সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “জাতির ক্রন্তিলগ্নে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দায়িত্ব নিয়েছি। এখনো কিছু বলার সময় আসেনি। তবে শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমি আশাবাদী।

“উপদেষ্টাদের প্রতিশ্রুত গুচ্ছ প্রস্তাবের বাস্তবায়ন একটি ছোট জায়গায় এসে আটকে গেছে। আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের চেষ্টা করব।

“এই পরিস্থিতিতে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়ার কারণেই আমার শপথ নিতে দেরি হয়েছে। সংকট নিরসনে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

দুপুরে তিন উপদেষ্টার শপথ অনুষ্ঠানে মাহবুবুল আলম ছাড়া পাঁচ উপদেষ্টা উপস্থিত থাকলেও শোয়েবের শপথে তাদের কেউ উপস্থিত ছিলেন না।

মাহবুবুল আলমকে নিয়ে গুজব

মঙ্গলবার দিনভর দাপ্তরিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে রাখেন উপদেষ্টা মাহবুবুল আলম। দুপুরে বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের জরুরি সভা এবং নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানেও তিনি ছিলেন না।

এই প্রেক্ষাপটে উপদেষ্টা মাহবুবুল আলম নিজের পদত্যাগের ‘জল্পনা’ নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সোমবার সকালে আকবর আলি খান, সি এম শফি সামি, সুলতানা কামাল ও হাসান মশহুদ চৌধুরীর পদত্যাগের পর থেকেই মাহবুবুল আলমের পদত্যাগের বিষয়টি আলোচিত হচ্ছে। মঙ্গলবার নতুন উপদেষ্টাদের শপথের আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মাহবুবুল আলম অনুপস্থিত থাকায় ওই গুজবের পালে আরো হাওয়া লাগে।

এ প্রসঙ্গে মাহবুবুল আলম ইস্কাটনে নিজ বাসার সামনে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “গুজব বা জল্পনা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়।”

বঙ্গভবনে না যাওয়া প্রসঙ্গে প্রবীণ এ সাংবাদিক বলেন, “রাষ্ট্রপতি ডেকেছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সারাদিন ঘর থেকে বের হইনি।”

পদত্যাগীদের ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টা

তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী উপদেষ্টাদের ফিরিয়ে আনার উদ্যোগ ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছেন উপদেষ্টা ধীরাজ কুমার নাথ।

মঙ্গলবার দুপুর একটায় টেলিফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সোমবারের উদ্যোগ ফলপ্রসু হয়নি।”

তিনি বলেন, “নতুন চার উপদেষ্টা নিয়োগ পেয়েছেন রাষ্ট্রপতির নিজ ক্ষমতাবলে। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদের কোনো সদস্য কিংবা রাজনৈতিক দলের সঙ্গে তিনি কোনো আলোচনা করেননি।”

মঙ্গলবার বিকালে সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন “সেনা প্রত্যাহারের বিষয়টি নতুন ও পুরনো উপদেষ্টারা আলোচনা করে রাষ্ট্রপতিকে জানাবেন।”

চার উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “পদত্যাগপত্র প্রত্যাহারে কথা বলার জন্য সোমবার রাতে আমি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চারজনের বাসায়ই গিয়েছিলাম।”

বঙ্গভবনের ‘বার্তাবাহক’ ধীরাজ কুমার নাথ বলেন, “পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে লিখিতভাবে চিঠি পাওয়ার প্রস্তাব করেছিলেন পদত্যাগী চার উপদেষ্টা। উপদেষ্টাদের এই প্রস্তাব আমি নিজেই রাষ্ট্রপতিকে জানাই। কিন্তু রাষ্ট্রপতি এটা নাকচ করে দিয়ে আমাকে বলেছেন, ‘তাদের সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি।’ অবশ্য পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না বলে আজ চারজনই আমাকে জানিয়ে দিয়েছেন।”

চার উপদেষ্টা যে কারণে পদত্যাগ করেছেন সে কারণের সঙ্গে আপনি একমত কিংবা পদত্যাগ করবেন কিনা এ প্রশ্নের জবাবে ধীরাজ কুমার নাথ বলেন, “তাদের সঙ্গে অনেক বিষয়ে আমি একমত পোষণ করি। আমি বিষয়গুলো নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা করবো। আর পদত্যাগের বিষয়টি আমি এখনও ভেবে দেখিনি।”

সব উপদেষ্টা বুধবার এক বৈঠকে বসবেন বলে জানিয়ে ধীরাজ কুমার নাথ বলেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নতুন উপদেষ্টাদের নতুন কোনো উপায় থাকলে আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করবো।”

গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করবো।”

‘গোল পোস্ট’ সরে যাওয়ায় পদত্যাগ করেছি : শফি সামি

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার পদ থেকে সদ্য পদত্যাগকারী সাবেক কূটনীতিক সি এম শফি সামি বলেছেন, “গুচ্ছ প্রস্তাবের সবকিছু সাফল্যের দ্বারপ্রান্তে আসার শেষ মুহূর্তে ‘গোল পোস্ট’ সরে যাওয়ায় আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ওই কারণেই আমি বিবেকের তাড়নায় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আমার অবদান রাখার সুযোগ নেই বলেই পদত্যাগ করেছি।”

তবে তিনি আশা প্রকাশ করে বলেন, “এখনো যদি দ্রুত ও বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে নোবেল বিজয়ী ড. ইউনূসের ‘প্রেসক্রিপশন’ বাস্তবায়ন করা যায়, তাহলেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।”

মঙ্গলবার বিকেলে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের শফি সামি বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন, পেশীশক্তি ও কালো টাকার মালিকদের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া গেলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।”

উপদেষ্টা হিসেবে তার অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “আমরা চেয়েছিলাম সব দলের অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। কিন্তু বাস্তবে তা দুরূহ কাজ।”

সাবেক উপদেষ্টা আরও বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠন, সেনা মোতায়েনের সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘসূত্রিতার কারণে আমার মনে হয়েছে এই অবস্থায় ওই পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।”

নতুন উপদেষ্টাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমি তাদের শুভ কামনা করি। তারা যেন তাদের দায়িত্ব পালনে দ্রুত গতিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন। কারণ অতীতে দেখা গেছে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েও বাস্তবায়ন করতে পারিনি।”

সাবেক কূটনীতিক বলেন, “আমরা কোনো দল বা গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়ন করতে উপদেষ্টা পদে ছিলাম না। আমি আমার কর্মজীবনে কখনোই নিষ্ঠা, বিবেক ও নীতির সঙ্গে আপোস করিনি। আমাদেরকে বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে যেভাবে পারেন নির্বাচন করতে হবে। অথচ সব দলের অংশগ্রহণ তখনো নিশ্চিত হয়নি। সে সময় মনে হয়েছে এটা করা হলে জাতির সঙ্গেই প্রতারণা করা হবে।”

সাবেক উপদেষ্টা দাবি করেন, গুচ্ছ প্রস্তাবের সব সুপারিশই উপদেষ্টা পরিষদের সবার সিদ্ধান্তে হয়েছে। কেন তা বাস্তবায়ন হয়নি প্রশ্ন করলে তিনি বলেন, “গোল পোস্ট হঠাৎ করে সরে যাওয়ার কারণটা আমার কাছেও দুর্বোধ্য।”

শফি সামি মনে করেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তিন উপদেষ্টা যে সুপারিশমালা তৈরি করেছিলেন তার যথেষ্ট মূল্যায়ন হয়নি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

তিনি আরো বলেন, “দুই শীর্ষ রাজনৈতিক দল ও জোটের দূরত্ব কমাতে তাদের ওই আলোচনা কষ্টসাধ্য ব্যাপার ছিল। তবে শেষ পর্যন্ত আমরা একটা মীমাংসায় আসতে পেরেছিলাম। তৈরি করেছিলাম গুচ্ছ প্রস্তাব।”

সাবেক উপদেষ্টা বলেন, “সব দলের অংশগ্রহণেই কেবল দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যে নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না, তা বিদেশেও গ্রহণযোগ্যতা পাবে না।”

তিনি বলেন, “বিতর্কিত লোকদের উচিত দেশ ও জাতির স্বার্থে নিজেদের পদ থেকে সরে যাওয়া। সেই দেশপ্রেম তাদেরকে দেখাতে হবে।”

পার্শ্ববর্তী দেশের একজন নেত্রীর নাম উল্লেখ না করে তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠ দলের ও জনগণের সমর্থন থাকার পরও তিনি নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমরা বিতর্কিত হওয়ার পরও পদকে আঁকড়ে থাকতে চাই।”

রাষ্ট্রপতির ভূমিকা সম্পর্কে তিনি বলেন, “আমি কিছুদিন তার সঙ্গে কাজ করেছি। এ ব্যাপারে মূল্যায়ন করাটা সমীচীন হবে না।”

অধ্যাপক ইউনূসের ‘সবার কথা শুনবেন, কারও কথা শুনবেন না’ মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন,“এই নীতিতে রাষ্ট্রপতি চললে ভালো করবেন।”

ভবিষ্যতে আবার উপদেষ্টার পদ গ্রহণ করবেন কি না-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “ধনুক থেকে তীর ছুঁড়ে দিলে সেটাকে আর ফিরিয়ে আনা যায় না।”

অপর এক প্রশ্নের জবাবে সাবেক উপদেষ্টা বলেন, “উপদেষ্টা পরিষদের সভায় এই মুহূর্তে সেনা মোতায়েনের বিষয়ে সব উপদেষ্টাই আপত্তি তুলেছিল।”

১৪ দলের প্রত্যাখান

অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বায়ক আব্দুল জলিল বলেছেন, “তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙ্ঘন করে যাচ্ছেন। তাঁর অধীনে অবাধ ও সুষ্টু নির্বাচন সম্ভব নয়।

“ইয়াজউদ্দিন আহম্মেদ সব কিছুর জন্য দায়ী। তাঁর দলীয় দৃষ্টিভঙ্গী জাতীয় সমস্যা থেকে উত্তরণের পথে মূল বাধা।”

দলের ধানমণ্ডি কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও ১৪ দলের জরুরি বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আব্দুল জলিল এসব কথা বলেন। সন্ধ্যা সোয়া ছয়টা থেকে প্রায় ৩ ঘন্টা সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক দুটি অনুষ্টিত হয়।

সদ্য বিদায়ী ৪ উপদেষ্টার জায়গায় যারা এসেছেন তাদের গণবিরোধী মানুষ হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তারা গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করছে। এদের ৭১ এর চেতনায় ধাওয়া দিতে হবে। জনগণ থেকে বিচ্যুত করতে হবে।”

ভোটার তালিকা সুষ্টুভাবে হালনাগাদের দাবিতে আগামী ১৪ ডিসেম্বর দেশের সকল জেলা ও উপজেলায় নির্বাচনী অফিস ঘেরাওয়ের কর্মসূচী ঘোষণা করে আব্দুল জলিল বলেন, “ভোটার তালিকা অসম্পূর্ণ রেখে কোনোভাবেই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।”

স্বাগত জানিয়েছে চার দল

বিএনপি’র মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া বলেছেন, “চার দলীয় জোট ১৪ দলকে নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।”

মঙ্গলবার সন্ধ্যায় বনানীর হাওয়া ভবনে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, “সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা চাই ১৪ দল নির্বাচনে আসুক।”

আলোচনার মাধ্যমে ১৪ দলকে নির্বাচনে আনতে পদক্ষেপ নেবার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

নতুন উপদেষ্টা নিয়োগ সম্পর্কে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার পরিচালনায় উপদেষ্টার শূন্য পদে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছেন।

“আমি তাদেরকে চিনিনা, আশা করবো নতুন নিয়োগপ্রাপ্তরা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতা করবেন।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কেউ নির্বাচনে না আসলে নির্বাচন করা যাবে না এটা সঠিক নয়। কারণ সংবিধান অনুযায়ী ৯০ দিনের ভেতরেই নির্বাচন করতে হবে, নইলে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হবে।