২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির দূত চারজনের মত পাল্টাতে পারেননি

পদত্যাগী চারজন উপদেষ্টার মত পরিবর্তনের প্রচেষ্টায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দূত পাঠিয়েছিলেন। সেকাজে আরেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ সোমবার প্রাথমিক ভাবে ব্যর্থ হয়েছেন। তবে তিনি দাবি করেছেন এবং অন্তত একজন পদত্যাগী উপদেষ্টা বলেছেন যে ওই চারজন বিষয়টি বিবেচনা করবেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 02:19 AM

Updated : 26 Apr 2022, 04:08 PM

পদত্যাগী চারজন উপদেষ্টার মত পরিবর্তনের প্রচেষ্টায় রাষ্ট্রপতির দূত হিসেবে ধীরাজ কুমার নাথ সোমবার প্রাথমিক ভাবে ব্যর্থ হয়েছেন। তবে দৃশ্যত এই প্রতিশ্রুতি আদায়ে সফল হয়েছেন যে ওই চারজন বিষয়টি বিবেচনা করবেন।

মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন বলে ধীরাজ কুমার নাথ দাবি করেন।

তিনি সাংবাদিকদের বলেন: “আমি আশা করি আমারা আগের মত একসঙ্গে কাজ করতে পারবো।”

সোমবার সন্ধ্যার পর তিনি “রাষ্ট্রপতির বার্তা” নিয়ে পদত্যাগী চার উপদেষ্টা আকবর আলি খান, সুলতানা কামাল, সিএম শফি সামি এবং হাসান মশহুদ চৌধুরীর বাসায় যান ।

বৈঠকের পর সুলতানা কামাল সাংবাদিকদের বলেন: “আমার মনে হয় না যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে। যে সমস্ত কারণে আমি পদত্যাগ করেছি সেসমস্ত কারণ যদি দূর না হয় তাহলে আমার (ফিরে) যাওয়ার কোন মানে হয় না। তাহলে কিছু দিন পর আবার একই অবস্থা হবে। আমি আবার হতাশ বোধ করবো।

“তবে আমরা চারজন একত্রে বসে সিদ্ধান্ত নেব।”

তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম নিয়ে তার অসন্তোষের কথা বলতে গিয়ে তিনি বলেন, “সিদ্ধান্তগুলো কোথা থেকে হচ্ছে সেটা নিয়ে কেউ কোন দায় দায়িত্ব নিতে চায়নি। যে কাউকে জিজ্ঞেস করা হলে বলবেন, আমি জানি না, উনি বলেছেন, তিনি বলেছেন-যেটা সেনা মোতায়েন নিয়ে প্রথম দিকে হল।”

নতুন নির্বাচন কমিশনার নিয়োগের উদাহরণ দিয়ে সুলতানা কামাল বলেন, “আমরা উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বাড়িতে ফিরে টেলিভিশন চ্যানেলে নতুন নির্বাচন কমিশনার নিয়োগের খবর জানতে পারি।”

ধীরাজ কুমার নাথের সঙ্গে বৈঠকের পর সিএম শফি সামি বলেন, “উনি আমার সহকর্মী ছিলেন। উনি আমাকে জিজ্ঞেস করেছেন কেন আমি পদত্যাগ করেছি। আমি তাকে বলেছি কি কারণে পদত্যাগ করেছি।”

অন্য দুই উপদেষ্টা আকবর আলি খান ও হাসান মশহুদ চৌধুরী ধীরাজ কুমার নাথের সঙ্গে তাদের আলোচনা বিষয়ে সাংবাদিকদের কোন কিছু বলেননি। তবে তাদের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবারের মধ্যে তাঁরা বঙ্গভবনকে তাদের সিদ্ধান্ত জানাবেন।

সুলতানা কামালের সঙ্গে আলোচনা শেষে ধীরাজ কুমার নাথ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “আমি উনাদের সঙ্গে কথা বলতে এসেছি, সমস্যটা কোথায় জানতে এসেছি। কিভাবে আবার আমরা একত্রে কাজ করতে পারি তা জানতে এসেছি।”

শফি সামির বাড়ি থেকে বেরিয়ে তিনি বলেন, “আমি রাষ্ট্রপতির কাছ থেকে বার্তা নিয়ে এসছি। আমি অনুরোধ জানাতে এসেছি পদত্যাগপত্র প্রত্যাহারের। উনারা কোন শর্ত দেননি।”

তাঁদের পদত্যাগপত্র প্রত্যাহারের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই আছে।”