সুলতানা কামাল পদত্যাগের সিদ্ধান্তে অটল
তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগী উপদেষ্টা সুলতানা কামাল সোমবার রাতে বলেছেন, সরকার নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলে সাধারণ নাগরিক হিসেবে নির্বাচন অনুষ্ঠানে তিনি সহায়তা করবেন।
এর অগে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ধীরাজ কুমার নাথ সুলতানা কামালের সঙ্গে তাঁর ধানমন্ডির বাসভবনে দেখা করে বঙ্গভবনের পক্ষ থেকে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ করেন।
বৈঠক শেষে ধীরাজ নাথ সাংবাদিকদের বলেন, “আমি অপর তিন উপদেষ্টার সঙ্গে দেখা করে বঙ্গভবনের পক্ষ থেকে তাদেরও পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি।” মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন বলে তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, “ দায়িত্ব পালন করার জন্য আমি তাদের একত্রে বসতে বলেছি। এছাড়া বঙ্গভববনে একটি বৈঠকে বসার জন্যও তাদের আমন্ত্রণ জানিয়েছি।”
তবে আগামীকাল দুপুর বারোটার মধ্যে সিদ্ধান্ত জানানোর ব্যাপারে সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, “আমি এ ধরণের কোন কথা বলিনি। অন্য উপদেষ্টারা বললেও বলতে পারেন।”
তিনি বলেন, কোন শর্তে বা কিভাবে উপদেষ্টা পরিষদ কাজ করবে সেটা বঙ্গভবন পরিস্কার করে বললে চার উপদেষ্টা তাদের সিদ্ধান্ত বিবেচনা করে দেখতে পারেন। কিন্তু এখন ওখানে আমাদের কোন কাজ করার সুযোগ নেই।”
তিনি আরো বলেন, “তত্ত্ববধায়ক সরকারের সিদ্ধান্ত কে নেয় বা কোথা থেকে আসে সে সম্পর্কে আমাদের কোন ধারণাই নেই।”
এ প্রসঙ্গে নতুন নির্বাচন কমিশনার নিয়োগের উদাহরণ দিয়ে সুলতানা কামাল বলেন, “আমরা উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বাড়িতে ফিরে টেলিভিশন চ্যানেলে নতুন নির্বাচন কমিশনার নিয়োগের খবর জানতে পারি।”
