বৃহত্তর আন্দোলনের আলোচনা চলছে: আমু
উপদেষ্টাদের গুচ্ছ প্রস্তাব বাস্তবায়নের দাবিতে বৃহত্তর আন্দোলন এবং আন্দোলন শেষে নির্বাচন করতে বৃহত্তর জোট গঠন নিয়ে ১৪ দলের বৈঠকে সোমবার আলোচনা হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের গুলশানের বাড়িতে এই বৈঠক শুরু হয় রাত সাড়ে ৯টায়। শেষ হয় পৌনে ১১টায়।
বৈঠক শেষে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, “উপদেষ্টাদের গুচ্ছ প্রস্তাব বাস্তবায়নই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।”
তিনি আরো বলেন, বৃহত্তর আন্দোলন ও আন্দোলনের পর নির্বাচনের জন্য বৃহত্তর জোট গঠনের চেষ্টা চলছে। এছাড়া দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
শেখ সেলিমও সাংবাদিকদের একই কথা বলেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ,সুরঞ্জিত সেন গুপ্ত, মতিয়া চৌধুরী, বিমল বিশ্বাস, শেখ ফজলুল করিম সেলিম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।
