রাষ্ট্রপতির বিরূদ্ধে রিটের স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন
রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে দায়ের করা রিট মামলার উপর প্রধান বিচারপতির স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।
রিটকারী সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ভাগ্নে আদনান আনোয়ারের পক্ষে তার কৌঁসুলি মাসুদ রেজা সোবহান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন বরাবর সোমবার এই আবেদন করেন।
গত ৩০ নভেম্বর এ সংক্রান্ত রিটের ওপর রায়প্রদান প্রধান বিচারপতির নির্দেশে স্থগিত হয়ে যায়। বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি বিচারাধীন ছিল।
এ নিয়ে ওইদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
স্থগিতাদেশ প্রত্যাহারের আবেদনে বলা হয়, ৩০ নভেম্বর রিট মামলার শুনানি চলার সময় এটর্নি জেনারেল দুপুর ১টার আগে আদালত কক্ষ ছেড়ে চলে যান। এটর্নি জেনারেল থাকলে দুপুরের বিরতির আগেই আদালত আদেশ প্রদান করতেন।
আবেদনে আরো বলা হয়, রিটকারী পক্ষের কৌঁসুলী সন্দেহ করেন যে এটর্নি জেনারেল আপিল বিভাগে যেতে পারেন বলে তিনি দুপুরে আপিল বিভাগের চেম্বার জজের আদালতে উপস্থিত ছিলেন।
আবেদনে বলা হয়, দুপুরের বিরতির পর এটর্নি জেনারেল হাইকোর্টে প্রধান বিচারপতির স্থগিতাদেশের অনুলিপি দেন। এর ফলে উপস্থিত আইনজীবীরা উত্তেজিত হয়ে পড়েন। আবেদনকারীর এই আদালতের প্রতি সম্মান ও বিশ্বাস রয়েছে।
এটর্নি জেনারেল সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের পরামর্শে ওই রিট মামলায় যাতে রুল না দেয়া হয় সেজন্য যে কোন কিছু করতে প্রস্তুত ছিলেন। এর ফলে এটর্নি জেনারেল চেম্বার জজের কাছে না গিয়ে সরাসরি প্রধান বিচারপতির কাছে স্থগিতাদেশের আবেদন নিয়ে যান বলে আবেদনে উলে¬খ করা হয়। এতে প্রশ্ন দেখা দিয়েছে।
আবেদনে বলা হয়, এটর্নি জেনারেল এসব করে ন্যয়বিচারের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। তাই গত ৩০ নভেম্বরের স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য প্রধান বিচারপতির কাছে রিটকারীর কৌঁসুলী মাসুদ রেজা সোবহ্না আবেদন করেন।
