এই রাষ্ট্রপতির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জলিল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল বলেছেন, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
১৪ দলের জরুরি বৈঠক শেষে সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে জলিল এ কথা বলেন।
রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের তীব্র সমালোচনা করে জলিল বলেন, তার ভাষণ খালেদা জিয়ার বক্তব্যেরই প্রতিফলন। রাষ্ট্রপতিও তার ভাষণে রাজনৈতিক দলগুলোও সমালোচনা করেছেন শুধু।
১৪ দলের সমন্বয়ক বলেন, সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতি উপদেষ্টাদের সঙ্গে কথা বলেননি। উপদেষ্টাদের বক্তব্য থেকেই এর সত্যতা পাওয়া গেছে। রাষ্ট্রপতির এই আচরণের জন্যই উপদেষ্টারা পদত্যাগ করেছেন।
এর আগে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমুর সভাপতিত্বে ১৪ দলের বৈঠকে তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন।
