হান্নান শাহকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ
বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও সাংসদ ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের প্রতি অসদাচরণ, এখতিয়ার বহির্ভূতভাবে বার বার কমিটি ভাঙ্গা ও গণবিচ্ছিন্নতার অভিযোগ এনেছেন গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
তারা আগামী সংসদ নির্বাচনে হান্নান শাহকে দলীয় প্রার্থী না করার জন্য হাইকমান্ডের প্রতি আবেদন জানান।
সোমবার বিকালে গাজীপুর প্রেসক্লাবে এই আবেদন জানিয়ে সংবাদ সম্মেলন করেন কাপাসিয়ার সাবেক সাংসদ (১৯৭৯) ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. ছানাউল্লাহ, জেলা বিএনপির সাবেক সাংসদ আবু তাহের, জাতীয়তাবাদী কর আইনজীবী দলের মহাসচিব মো. বজলুল হক ও কাপাসিয়া থানা বিএনপির সাবেক সভাপতি জামালউদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলন চলার সময় ফোনে অপর মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র সহ সভাপতি এটিএ ফকরুদ্দিন লিখিত বক্তব্যের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, হান্নান শাহ ও তার জ্যেষ্ঠ ছেলে শাহ রেজাউল হান্নান এলাকার নেতাকর্মীদের প্রতি অসদাচরণ, অবমূল্যায়ন, দুর্নীতির কারণে চরমভাবে বিতর্কিত হয়ে পড়েছেন। এর ফলে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এ অবস্থায় বিএনপির নীতি নির্ধারণী কমিটির প্রতি হান্নান শাহকে মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানানো হয়।
