এরশাদের জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলা এখন কার্যতালিকায়
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে হাইকোর্টে বিচারাধীন জাপানী বোট ক্রয়ে দুর্নীতি মামলাটি শুনানির জন্য দৈনন্দিন কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজীর আদালতে মঙ্গলবার থেকে দৈনন্দিন কার্যতালিকার ১৪ নম্বর মামলার পরে এটি থাকবে।
সোমবার তারিখ নির্ধারণের জন্য মামলাটি আদালতে উঠলে উভয় পক্ষের সম্মতিতে মঙ্গলবার থেকে তা দৈনন্দিন কার্যতালিকার অন্তর্ভুক্ত হয়।
১৯৯৫ সালের ৬ জুলাই বিভাগীয় বিশেষ আদালতের জজ জিনাত আরা জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলায় এরশাদকে তিন বছর কারাদণ্ডের সাজা প্রদান করেন।
মামলায় সরকার পক্ষের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলাল উদ্দিন মোল্লা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, “উভয় পক্ষের সম্মতিতেই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।”
