রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন সুলতানা কামাল
পদত্যাগকারী উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, “সেনা মোতায়েন এবং গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন করতে না পারার প্রতিবাদেই পদত্যাগ করেছি।”
নয়াপল্টনে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের কার্যালয়ে সাংবাদিকদের সুলতানা কামাল বলেন, “জনপ্রশাসনকে সহযোগিতার জন্য এই মুহূর্তে সেনা মোতায়েনের অর্থ হলো, আমরা যারা এই প্রশাসনে কাজ করছি, তারা কাজ করতে পারছি না এবং ব্যর্থ। তাই ক্ষমতায় থেকে ব্যর্থতার দায়ভার নেওয়ার দরকার কী?” তিনি বলেন, “নেহায়েত প্রয়োজন ছাড়া জনপ্রশাসনকে সহযোগিতার জন্য সেনা মোতায়েন দেখতে চাই না।”
পদত্যাগ পত্র সম্পর্কে তিনি জানান, তিনি তার সহকারি একান্ত সচিবের মাধ্যমে সকালে তার পদত্যাগপত্র বঙ্গভবনে পাঠিয়ে দিয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে সুলতানা কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তিনি বলেন, ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অনেক দেরি হয়ে গেছে। এখন এ নিয়ে যে সঙ্কট তৈরি হয়েছে, তার সমাধান কীভাবে হবে?
সুলতানা কামাল অভিযোগ করেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সোমবার ১১ টায় তিনি দেখা করতে চেয়েছিলেন। কিন্তু তাকে সময় দেওয়া হয়নি। পরে দুপুর ১টায় সাক্ষাতের সময় নির্ধারণ করা হয় । কিন্তু ব্যস্ততার কারণে তিনি যেতে পারেননি বলে জানান।
এক প্রশ্নের উত্তরে সুলতানা কামাল আরও বলেন, “মনে হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য ভূমিকা রাখতে পারবো না। জনগণ নিশ্চিন্তে ভোট দিতে পারে সে অবস্থাও সৃষ্টি করতে পারিনি।”
আপনার অবর্তমানে সংকট বাড়বে কিনা এবং আপনার স্থলাভিষিক্ত কে হচ্ছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, মনে হয় না সঙ্কট হবে, কেউ না কেউ সেই শূন্যস্থান পূরণ করবেন।
সুলতানা কামাল বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছেন। পদত্যাগ নিয়েও তিনি বিশেষ করে অপর দুই নারী উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।
