২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েনে ক্ষুব্ধ উপদেষ্টাদের কঠিন সিদ্ধান্ত নেওয়ার হুমকি

রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সম্পূর্ণ একক সিদ্ধান্তে দেশব্যাপী সেনা মোতায়েনের ফলে সৃষ্টি হয়েছে নতুন এক সংকট। তত্ত্বাবধায়ক সরকারের অন্তত চারজন উপদেষ্টা এ সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবারের মধ্যে ‘কঠিন সিদ্ধান্ত’ নেয়ার হুমকি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 10:25 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার সচিবালয়ে আকবর আলী খান, হাসান মশহুদ চৌধুরী ও সিএম শফি সামির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক শেষে উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “আগামীকালের (সোমবার) মধ্যে আমরা একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেব।” তবে কি সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়ের বিশদ কোনো ব্যাখ্যা তিনি দেননি।

রোববার দিনভর গুজব ছিল রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা একক সিদ্ধান্তে সেনা মোতায়েন করায় ক্ষুব্ধ কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করতে পারেন।

উপদেষ্টা আকবর আলী খান সাংবাদিকদের বলেন, “বর্তমান পরিস্থিতিতে হতাশার অনেক কারণ রয়েছে।”

তিনি আরো বলেন, “এখনো সবচেয়ে ভালো কিছু করার চেষ্টা করছি। যখন আর কিছু করার থাকবে না তখনই পদ থেকে সরে যাব।”

সেনা মোতায়েনকে রুটিন কাজ উল্লেখ করে আকবর আলী বলেন, “বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য এটি করা হয় বলে সিদ্ধান্তটি অবশ্যই উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়ার প্রয়োজন ছিল।”

অন্যদিকে রোববার দুপুরে নিজ মন্ত্রণালয়ে উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন “এখনও সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।”

সি এম শফি সামি নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “দেশে এখনও এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেনা মোতায়েন করতে হবে। এ পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। সেনা মোতায়েনের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই।”

এ পরিস্থিতিতে পদত্যাগ করবেন কি-না এ প্রশ্নের জবাবে হাসান মশহুদ চৌধুরী বলেন “আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তবে কখন, কীভাবে এবং কোন পরিস্থিতিতে সিদ্ধান্তটি কার্যকর করা যায় সেটি নিয়ে ভাবছি। আপনারাও জানতে পারবেন। খুব বেশি দেরি হবে না।”

সাবেক এ সেনাপ্রধান বলেন, “নীতি ও বিবেকের প্রশ্নে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি। আমার আত্মসম্মানের বিষয়টি এর সঙ্গে জড়িত।”

পদত্যাগ প্রসঙ্গে সি এম শফি সামি বলেন, “আমি যদি মনে করি দেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে আমি কোনো ভূমিকা রাখতে পারছি না বা পারবো না তখনই পদ থেকে সরে দাঁড়াবো।”

এদিকে, শনিবার গভীর রাতে সেনা মোতায়েনের জন্য রাষ্ট্রপতির নির্দেশের বেশ কয়েক ঘন্টা পর রোববার দুপুর তিনটার দিকে বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনীর সাতটি সাঁজোয়া গাড়ি।

রোববার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সেনা সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তারা বিভিন্ন এলাকায় তাবু টানিয়ে অবস্থান নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বঙ্গভবন, নির্বাচন কমিশন কার্যালয়, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরসহ সব বিমান বন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে। ভারী অস্ত্রসহ তাদেরকে টহল দিতে দেখা গেছে।

সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা মেট্রোপলিটন এলাকায় ডিসি ও ওসি পর্যায়ে এবং এর বাইরের জেলাগুলোতে এসপি ও ওসি পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেল প্রধান সহকারী পুলিশ মহাপরিদর্শক মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন।

মোট কত সেনা সদস্য মোতায়েন এবং কতটি তাবু বসানো হয়েছে এ বিষয়ে মতিউর রহমানের সঙ্গে সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, “সেনাবাহিনী থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। আমিও কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি।”

সামরিক একটি সূত্র জানিয়েছে, ঢাকার পুরনো ২৩ থানা এলাকার প্রতিটিতে ১৫০-২০০ সেনা সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। রোববার সকালে নগরীর বিভিন্ন জায়গায় সেনারা তাদের অবস্থান ও আবাস ঠিক করছিল।

সূত্রটি নিশ্চিত করে যে, বর্তমান পরিস্থিতিতে শুধু বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্যই সেনাবাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের প্রাথমিক লক্ষ্য থাকবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং অবৈধ অস্ত্র উদ্ধার।

সহকারী পুলিশ মহাপরিদর্শক মতিউর রহমান বলেন, “সেনা সদস্য মোতায়েন করা হয়েছে সরকারি সিদ্ধান্তে। পুলিশকে জানানো অথবা না জানানো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।”

১৯ নভেম্বর থেকে বার্ষিক ও নিয়মিত শীতকালীন মহড়ায় থাকা সেনাসদস্যরা শনিবার রাত ১১টার পরেই তাদের নতুন দায়িত্বের নির্দেশ পায়। এ প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল কাদের এনটিভিকে বলেছেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবো।”

চট্টগ্রামের স্টেডিয়াম জিমনেসিয়ামে রোববার সকাল ৯টার দিকে সৈন্যরা অবস্থান নিয়েছে। নরসিংদীতে শনিবার গভীর রাতেই কর্নেল জাহাঙ্গীর হাসান পিএসসির নেতৃত্বে নয় প্লাটুন সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। রাত তিনটায় তারা জেলা স্টেডিয়ামে অবস্থান নেন।

রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে সামনে রেখে ফৌজদারী কার্যবিধির অধীনে বেসরকারি প্রশাসনকে সহায়তা করার জন্য সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের জান-মাল রক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখতে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা অনুভবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে প্রয়োজনীয়সংখ্যক ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা পাঠিয়েছে।

সেনা মোতায়েন কি প্রক্রিয়ায় এবং কিভাবে করা হবে তা নির্ধারণে শনিবার রাতে সেনা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন।

উপদেষ্টা ইয়াসমিন মুর্শেদ রাষ্ট্রপতির সিদ্ধান্তের কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “রাষ্ট্রপতি আমাদেরকে বলেছেন, আমি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি আপনাদের অবহিত করলাম।"