সুপ্রিমকোর্টে ভাংচুরের প্রতিবাদে আইনজীবী ঐক্যজোটের সভা
সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে যে কোন মূল্যে রক্ষা করতে হবে। এদেশকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
রোববার বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে প্রধান বিচারপতির এজলাস ও এটর্নি জেনারেলের অফিস ভাংচুরের প্রতিবাদে চারদলীয় আইনজীবী ঐক্যজোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শাহ খসরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, হেলালউদ্দিন মোল্লা, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, হুমায়ুন কবির বুলবুল, গোলাম আরশেদ।
আমিনুল হক আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে। সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করেছে।
তারা এখন সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টকে ধ্বংস করতে চায়। তাদের কাছে জাতীয় পতাকার কোন মূল্য নেই। তারা বাংলাদেশকে ভাল কোনকিছু দিতে পারে না।
নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ এক গভীর অন্ধকারে নিক্ষিপ্ত হয়েছে। সর্বগ্রাসী সংকটের মধ্যে রয়েছে দেশ। সবকিছু মোকাবিলা করে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে রক্ষা করতে হবে।
শাহ খসরুজ্জামান বলেন, সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারিসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
