২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েনকে ইতিবাচক বলেছেন এরশাদ

সেনা মোতায়েনকে ইতিবাচক বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2006, 08:16 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

রোববার রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেছেন।

জাতীয় পার্র্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দেয়া হয়েছে।

এরশাদ বলেন, “দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতার কারণেই সেনাবাহিনী নামাতে হয়েছে। সেনা সদস্যরা কোনো দলকে সাহায্য করে না। তারা দেশ ও জনগণকে সাহায্য করে।”

আগামী নির্বাচনে জোট বাধার বিষয়ে এরশাদ বলেন, “জোটে যাওয়ার ব্যাপারে আমি জনগণের মতামত পেয়েছি। তারা চার দলের বদলে ১৪ দলের পক্ষেই রায় দিয়েছে। খুব শিগগিরই আমি আলাপ আলোচনার ভিত্তিতে জোটে যোগদানের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেব।”

জাতীয় পার্টিকে বাদ দিয়ে কারো পক্ষে সরকার গঠন করা সম্ভব নয় বলে মনে করেন এরশাদ। তিনি বলেন, “আগামী সরকার গঠনের জন্য জাতীয় পার্টিই প্রধান ফ্যাক্টর।”

এরশাদ আরো বলেন, “সংসদ সদস্যদের গম রাজনীতির বাইরে রাখতে হবে। এতদিন এ কারণেই উপজেলা নির্বাচন হতে পারেনি।”

এরশাদ বলেন, “শৃংখলিত অবস্থার মধ্যে আমাকে রাজনীতি করতে হচ্ছে। যখন উপ নির্বাচন করতে চেয়েছি আমাকে বাধা দেওয়া হয়েছে। আবার যখন বলেছি নির্বাচন করবো না তখন প্রার্থী দিতে বলা হয়েছে।”

তিনি বলেন, “আমার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে দূনীর্তির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব। আমি আর মামলার ভয় করিনা।”

প্রশাসনের ব্যাপারে এরশাদ বলেন, “প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে বলে এখন ৭০০ কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে। আমার সময়ে কেউ ওএসডি হয়নি। ৩৭ জন চুক্তিভিত্তিক সচিবকে রাখা হয়েছে। ফলে স্বাভাবিক পদোন্নতি বন্ধ হয়েছে। আমার সময়ে মাত্র একজন চুক্তিভিত্তিক সচিব ছিলেন এক বছরের জন্য।”

এরশাদ আরো বলেন, “যাদের সঙ্গেই সরকার গঠন করবো, তাদের প্রতি আহবান থাকবে দেশ ও জনগণের স্বার্থের জন্যই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”