২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা সবাই ব্যস্ত কিছু বিতর্কিত ব্যক্তিত্বকে নিয়ে: আকবর আলী

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলী খান বলেছেন, “কয়েক সপ্তাহ ধরে সবাই ব্যস্ত বিতর্কিত কিছু ব্যক্তিত্বকে নিয়ে। কোনো মেনিফেস্টো কিম্বা ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে না। নির্বাচনের ছয় সপ্তাহ আগে দেশের জন্য এটা কোনো ভালো খবর নয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 07:45 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

শনিবার দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক নাগরিক ফোরামে ‘নির্বাচন ও রাজনৈতিক সংস্কার সংক্রান্ত সুপারিশমালা’ এবং ‘বাংলাদেশ রূপকল্প ২০২১’ এর আনুষ্ঠানিক উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), প্রথম আলো, ডেইলি স্টার ও চ্যানেল আই যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিপিডির চেয়ারম্যান ও নাগরিক কমিটি ২০০৬ এর আহ্বায়ক অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নাগরিক কমিটির চার সদস্য অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, অধ্যাপক জামিলূর রেজা চৌধুরী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও অধ্যাপক মাহমুদুল ইসলাম।

আলোচনার শুরুতে সূচনা বক্তব্য রাখেন সিপিডির নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্ট্রচার্য।

মান্নান ভুইয়া বলেন, “রাজনীতিবিদদের দায়বদ্ধতা অনেক বেশি। তাদেরকে ভোটার, মিডিয়া ও সুশীল সমাজ সবার কাছে দায়বদ্ধ থাকতে হয়। এর পরও আমরা আরো দায়বদ্ধ হতে চাই।”

তিনি সুশীল সমাজের সমালোচনা করে বলেন, “শুধু রাজনীতিবিদদের গালি দেবেন তা চলবে না। সবাইকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। সুশীল সমাজকে যে কেনো বিষয় নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে হবে।”

বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনে আগামীতে যে দলই জয়লাভ করুক না কেন সংসদ বয়কট করবে না। একমাসের মধ্যে সংসদীয় কমিটি গঠন করবে। প্রশাসন দলীয়করণ করবে না, অবরোধ করবে না-এ প্রতিশ্রুতিগুলো সুশীল সমাজ আদায় করতে পারলে আগামীতে তা ফলপ্রসু হবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, “নাগরিক কমিটির রূপকল্পের অনেকগুলো সুপারিশ ও চেতনার সঙ্গে আমরা একমত। আওয়ামী লীগের আগামী নির্বাচনী ইশতেহারে এর প্রতিফলন ঘটবে।”

তিনি বলেন, “আমরা কালো টাকামুক্ত ও সন্ত্রাসমুক্ত সংসদ চাই। আসুন আমরা সবাই মিলে কালো টাকা ও অবৈধ সম্পদের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেই। অঙ্গিকার করি তাদেরকে দল থেকে বের করে দিলে অন্য কোনো দলে নেয়া হবে না।”

সুশীল সমাজের উদ্যোগের সঙ্গে একমত পোষণ করে ড. আকবর আলী বলেন, “সুশীল সমাজ যদি আভিধানিক বৃত্তে সীমাবদ্ধ থাকে তাহলে রূপকল্প বাস্তবায়ন তারা অর্জন করতে পারবে কিনা আমি সন্দিহান। কারণ এদেশে কিছু অর্জন করতে হলে দূবির্নীত ও উদ্ধত হতে হয়।”

সাবেক মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সুশীল সমাজ ২০২১ সালকে সামনে রেখে যে রূপকল্প উপস্থাপন করেছে, তা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলের সংস্কার ও গণতন্ত্রায়ন দরকার। কারণ রাজনীতি বর্হিভূত ব্যক্তিকে দিয়ে এ রূপকল্প বাস্তবায়ন সম্ভব নয়।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর হতাশা প্রকাশ করে তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমরা কয়েকজন বিতর্কিত ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করছি। কোনো ইস্যূ নিয়ে আলোচনা করছি না। নির্বাচনের ছয় সপ্তাহ আগে দেশের জন্য এটা সুসংবাদ নয়। কারণ ব্যক্তির ওপর ভর করে গণতন্ত্র এগোয় না।”

নির্বাচন প্রসঙ্গে তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা বলেন, “আমরা একটি ক্রান্তিলগ্ন অতিক্রম করছি। নির্বাচনের অনিশ্চয়তা এখনো পুরোপুরি কেটে যায়নি। মনে রাখতে হবে, নির্বাচনের বিকল্প নেই। এর সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ঘনিষ্ঠভাবে জড়িত।”

তিনি বলেন, “সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো অর্থবহ নির্বাচন হবে না। এর ফলে শুধু গণতন্ত্রই বিপন্ন হবে না। দেশের অর্থনৈতিক অর্জনও হুমকির মুখে পড়বে।”