আওয়ামী লীগ সিবিএ’র ভূমিকা পালন করছে: খালেদা জিয়া
বিএনপি চেয়ারপার্সন ও চারদলীয় জোট নেত্রী খালেদা জিয়া বলেছেন, “আওয়ামী লীগ রাজনৈতিক চরিত্র হারিয়ে ফেলে সিবিএ’র ভূমিকা পালন করছে। জয়ী হতে পারবে না জেনে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে।”
তিনি বলেন, “আগামী নির্বাচন ৯০ দিনের মধ্যেই হতে হবে। একটি দল নির্বাচন পেছানোর নামে সাংবিধানিক সংকট তৈরি করতে চায়। কিন্তু এটা হতে দেওয়া হবে না।”
শনিবার বনানীর হওয়া ভবনে অ্যাড. ফজলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগের একটি অংশের বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় ঐক্যজোটে যোগদান অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী নতুন আগতদের স্বাগত জানিয়ে বলেন, এই যোগদানের ফলে চারদলীয় জোট পাঁচ দলীয় জোটে পরিণত হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক-শ্রমিক-জনতা লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম রেখা, মোস্তফা পারভেজ, আবু তাহের ঠাকুর, শরিফুল হাসান পিন্টু, রেজাউল করিম সেলিমসহ শতাধিক নেতা-কর্মী।
বিএনপির পক্ষে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, বিচারপতি হাফিজুল ইসলাম ভূঁইয়া, রেজাউল করিম খান চুন্নু, শিমুল বিশ্বাস, শরিফুল আলম, মোসাদ্দেক আলী ফালু প্রমুখ।
খালেদা জিয়া আওয়ামী লীগ শাসনামলে দেশের অর্থনীতি ও আইনশৃংখলার অবনতির চিত্র তুলে ধরে বলেন,“আমরা ক্ষমতায় গিয়ে সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। অর্থনীতিতে সুস্থ অবস্থা ফিরিয়ে এনেছি। শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন ঘটিয়েছি। অথচ তারা দেশটাকে পদে পদে ধ্বংস করার চেষ্টা করেছে।”
অ্যাড. ফজলুর রহমান খালেদা জিয়াকে ‘অন্ধকারে আলোর প্রতীক’ হিসেবে অবহিত করে বলেন,“বাংলাদেশের রাজনীতি আজ ক্লাব পলিটিক্সে পরিণত হয়েছে। তবে এই দুই ক্লাবের ক্যাপ্টেনের মধ্যে আপনিই উত্তম। সে জন্যই আমি আপনার দলের খেলোয়ার হতে হিসেবে খেলতে এসেছি।”
