ভোটার তালিকা সংশোধন চলছে: আওয়ামী লীগও মাঠে
আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা-১০ আসনভূক্ত পূর্ব নাখালপাড়ার রেলগেট এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তালিকা সংশোধন বিষয়ে মাইকিং হচ্ছে।
সেখানে ‘নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগানে খণ্ড খণ্ড মিছিলও দেখা গেল।
এসব মিছিল ও মাইকিংয়ের উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,“আমরা ভুয়া ভোটারদের সম্পর্কে সচেতন করতে এলাকায় মাইকিং করছি।”
এছাড়া মিরপুরের ১০, ১১, ১২ নম্বর ও পল্লবী এলাকায়ও সকালে আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারের পক্ষ থেকে মাইকিং হয়। সেখানে স্লোগান দেওয়া হয়, “ভোটার হোন, ভুয়া ভোটার চিহিৃত করুন এবং কামাল ভাইকে ভোট দিন।”
সকাল ১০ টার দিকে গাবতলীর বাগমারা এলাকায় বিউটি কমিউনিটি সেন্টারে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন সহকারি নিবন্ধন কর্মকর্তা (এআরও) আমিনা বেগম। অসংখ্য নিম্ন আয়ের মানুষ তাদের নাম তালিকায় তোলার জন্য অনুরোধ জানান। জবাবে তিনি তাদের বলেন, “আমার কাছে তালিকাভূক্তি ফরম নেই; আছে শুধু তালিকা সংশোধনের ফরম।”
আমিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনের পক্ষ থেকে এবার প্রয়োজনের তুলনায় অনেক কম তালিকাভুক্তির ফরম দেওয়া হয়েছে। একই নাম একাধিকবার উঠলে তা বাদ দেওয়ার বদলে তাদের মধ্যে নতুন ভোটার হওয়ার আগ্রহই বেশি।”
এলাকার তরকারি ব্যবসায়ী মোহাম্মাদ আলী জানান, তারা একটি বাসায় ১০ জন ভাড়া থাকেন। কিন্তু এখনো কেউই ভোটারই হননি। তিনি প্রশ্ন রেখে বলেন, “এ রকম চলতে থাকলে কিভাবে ভোট সুষ্ঠু হবে?”
নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তারা নয় কোটি ৩০ লাখেরও বেশি ভোটারের মধ্য থেকে ভুয়া অথবা পুনরায় তালিকাভুক্ত ভোটারদের নাম পরীক্ষা করে দেখবে।
এর আগে ৭ সেপ্টেম্বর ঘোষিত হালনাগাদ ভোটার তালিকায় ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার রয়েছে বলে অভিযোগ করে ১৪ দল। ইউরোপীয় ইউনিয়ন, এনডিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও ভুয়া ভোটারের বিষয়ে অভিযোগ করে।
এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে এই তালিকা সংশোধনের জন্য বার বার তাগিদ দেওয়া হয়। ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল এর বিরুদ্ধে আন্দোলনে নামে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিক্ষোভ ও দাবির মুখে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের সিদ্ধান্ত নেওয়ায় শুক্রবার থেকে এ কাজ শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ কাজ চলবে।
