২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু

আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় নবম সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক হাজার নির্বাচন কর্মকর্তা শুক্রবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছেন। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই কাজে অংশ নিচ্ছেন ১ লাখ ৪০ হাজার কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2006, 03:39 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিক্ষোভ ও দাবির মুখে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ ও সংশোধনের সিদ্ধান্ত নেওয়ায় শুক্রবার থেকে এ কাজ শুরু হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কর্মকর্তা ও সহায়ক কর্মকর্তারা নয় কোটি ৩০ লাখেরও বেশি ভোটারের মধ্য থেকে ভুয়া অথবা পুনরায় তালিকাভুক্ত ভোটারদের নাম পরীক্ষা করে দেখবে। এর আগে ৭ সেপ্টেম্বর ঘোষিত হালনাগাদ ভোটার তালিকায় ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার রয়েছে বলে অভিযোগ করে ১৪ দল। ইউরোপীয় ইউনিয়ন, এনডিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও ভুয়া ভোটারের বিষয়ে অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশংকা করে সব মহল থেকে এই তালিকা সংশোধনের জন্য বার বার তাগিদ দেওয়া হয়। ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দল এর বিরুদ্ধে আন্দোলনে নামে।

শুক্রবার সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, নগরীতে সকাল ৮ টা থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তারা তাদের নিজ নিজ এলাকায় তালিকা সংশোধনের কাজ শুরু করেছেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রয়োজনে দিন-রাত, এমনকি ছুটির দিনেও কাজ চালিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই কাজের জন্য ভাতার পরিমাণ সুস্পষ্ট না হওয়ায় নির্বাচন কর্মকর্তাদের মধ্যে এই কাজে খুব একটা উৎসাহ নেই বলে অনেকেই অভিযোগ করেছেন।

শুক্রবার সকালে মিরপুর এলাকায় ঘুরে ভোটার তালিকা সংশোধনের কাজ চলতে দেখা গেছে। মিরপুরের সহকারি নিবন্ধন কর্মকর্তা (এআরও) ও মিরপুর ৬ নম্বর সেকশনের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাজাহান চৌধুরী জানান, তার অধীনে প্রায় ১০০ জন সহায়ক নির্বাচন কর্মকর্তা কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, এই কাজের জন্য ২০০০ সালের মূল ভোটার তালিকা এবং হালনাগাদ ভোটার তালিকা দুইই ব্যবহার করার জন্য সহায়ক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ভুয়া ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশি যারা ভোটার হতে পারেননি তাদেরকে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে।

তবে শাজাহান চৌধুরী জানান, নির্বাচন কমিশন থেকে ভোটারের নাম অন্তর্ভুক্তি, কর্তন ও সংশোধনের জন্য তিন রকম ফরম দেওয়া হয়েছে। কিন্তু নতুন ভোটারের নাম তালিকাভুক্তির জন্য ফরম দেওয়া হয়েছে প্রয়োজনের তুলনায় একেবারেই কম।

এদিকে সহায়ক নির্বাচন কমকর্তারা জানান, ভোটার তালিকা সংশোধনের জন্য তাদের প্রথমে ৫০০ টাকার বিনিময়ে তিনদিন কাজ করতে বলা হয়েছিল। কিন্তু এখন বলা হচ্ছে আটদিন এই কাজ চালাতে। কিন্তু তবে ভাতার পরিমাণ কতো হবে তা স্পষ্ট করে না বলায় কাজটি করতে উৎসাহ বোধ করছেন না বলে অনেকেই জানিয়েছেন।

অন্যদিকে শুক্রবার সরকারি ছুটির দিনেও নির্বাচন কমিশন সচিবালয়ে যথারীতি কাজ চলছে। অনেক কর্মকর্তাই ভোটার তালিকা সংশোধনের কাজ এগিয়ে নিতে অন্যান্য দিনের মতোই কাজকর্ম করছেন। মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তারাও সচিবালয়ে এসে তাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, ভোটার তালিকা থেকে ভুয়া ভোটারের নাম বাদ দেওয়ার যখনই উদ্যোগ নেওয়া হয়, তখনই ভোটারের সংখ্যা না কমে আরও বেড়ে যায়। এজন্য এবার তারা সারাদেশে সব ধরনের নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবারই জরুরি ফ্যাক্স বার্তায় এ সংক্রান্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার কমিশন হালনাগাদ করা ভোটার তালিকা বাড়ি বাড়ি গিয়ে সংশোধনের তারিখ নির্ধারণ করেছিল ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ১৪ দলের আন্দেলনের মুখে বৃহস্পতিবার তা বাড়িয়ে ৮ থেকে ১৫ ডিসেম্বর করা হয়।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকাটি তৈরি করতে খরচ হয়েছিল ৭০ কোটি টাকা। এবার ভোটার তালিকা সংশোধনের কাজে ১ লাখ ৪০ হাজার নির্বাচন কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করছেন। এ কাজের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

এবার ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯। ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ভোটার ছিল ৭ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৮৩।