মুন্সিগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ২২
মুন্সিগঞ্জে বৃহস্পতিবার বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ পরিদর্শক মাহবুবুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “পরিস্থিতি শান্ত করার সব চেষ্টা চলছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার টরকি গ্রামে বৃহস্পতিবার দুপুরে বিএনপির সভাপতি নুরউদ্দীন সরকার ও সাধারণ সম্পাদক সাইদুর ফকির গ্রুপের মধ্যে এ সহিংসতা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।
এর আগে বুধবার রাতে সাবেক সাংসদ আব্দুল হাইয়ের উপস্থিতিতে মুক্তারপুরের নির্বাচনী ক্যাম্পে সমঝোতা বৈঠকে দুই গ্রুপের মধ্যে সহিংসতায় উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়।
এর জের ধরেই বৃহস্পতিবার আবারও সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।
বোমার আঘাতে গুরুতর আহত মাসুম (২৭) ও সাজুকে (২৪) প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া গুলিবিদ্ধ নিজাম (২৫) ও দেলোয়ারসহ (৩০) অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়।
ওই ঘটনার পর থেকে চরকেওয়ার ইউনিয়নের টরকি, গুহেরকান্দি, গজারিয়া কান্দি, দক্ষিণ চর মশুরা ও উত্তর চর মশুরা গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
