২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরেক দফা পদোন্নতির উদ্যোগ

প্রশাসনে আরেক দফা পদোন্নতি দেওয়ার উদ্যোগ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। নীতিমালা অনুযায়ী কোনো যোগ্য কর্মকর্তা যাতে কোনভাবেই পদোন্নতি বঞ্চিত না হন সে জন্য সংশ্লিষ্ট সবার সার্ভিস রেকর্ড চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে সংস্থাপন মন্ত্রণালয়। খবর সংশ্লিষ্ট সূত্রের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ধীরাজ কুমার নাথ বলেন, “যোগ্য হওয়া সত্ত্বেও যারা পদোন্নতি পাননি বলে দাবি করছেন, তারা ইতিমধ্যেই পদোন্নতির জন্য আবেদন করেছেন। তাদের সার্ভিস রেকর্ড পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

তিনি আরো বলেন, “জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও চারটি কারণে অনেক কর্মকর্তা পদোন্নতির জন্য বিবেচিত হননি। কারণগুলো হচ্ছে নির্ধারিত পাশ নম্বর পেতে ব্যর্থতা, বিচারাধীন বিভাগীয় মামলা, কোটা পদ্ধতি এবং কর্মরত পদে নির্ধারিত সময় উত্তীর্ণ না হওয়া।”

উপদেষ্টা আরো বলেন, “উল্লেখিত কারণ ছাড়া যদি কোনো যোগ্য কর্মকর্তা পদোন্নতি না পেয়ে থাকেন সে ব্যাপারে অবশ্যই প্রায়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৮২ ব্যাচ (বিশেষ)’র প্রায় ৬০ জন কর্মকর্তা রয়েছেন, যারা জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও পদোন্নতি পাননি। এদের মধ্যে ২৬ জন উপসচিব রয়েছেন যারা পদোন্নতি নীতিমালা অনুযায়ী পাশ নম্বর পেয়েছেন।

এছাড়া সদ্য পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস তথ্য ক্যাডারের কোনো কর্মকর্তা পদোন্নতি পাননি। কোটা পদ্ধতির কারণেই মূলত তারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। তাদের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে সূত্র জানায়।

উল্লেখ্য উপসচিব পদে পদোন্নতির জন্য বিসিএস প্রশাসন ছাড়া অন্যান্য ক্যাডার থেকে ৩০ শতাংশ এবং এর ওপরের পদগুলোতে অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তা নেওয়ার বিধান রয়েছে।

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ৩৬১ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়। এসব কর্মকর্তা জোট সরকার আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হয়েছিলেন।