২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির বিরুদ্ধে আবারও জটিলতা সৃষ্টির অভিযোগ করলেন শেখ হাসিনা

উপদেষ্টাদের কাছ থেকে যে প্যাকেজ প্রস্তাব পাওয়া গেছে তা আওয়ামী লীগ মেনে নিলেও পরের দিনই তা পাল্টে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এর জন্য তিনি রাষ্ট্রপতিকে দায়ি করে বলেছেন, “তিনি প্রধান উপদেষ্টা হয়ে বার বার জটিলতার সৃষ্টি করছেন।”

বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডির দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার সময় দলীয় সভানেত্রী এসব অভিযোগ করেন।

শেখ হাসিনা বলেন, “আমি পরিষ্কার বলে দিতে চাই, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। উপদেষ্টাদের সঙ্গে আলোচনা অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠন না হলে আমাদের দাবি করতেই হবে যে, এই রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদে থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যখনই ডাক দেব তখনই ঢাকায় আসার জন্য প্রস্তুত থাকতে হবে। যখনই ডাক দেব তখনই বঙ্গভবনের চারপাশে অবস্থান নেওয়ার জন্য ২০ লাখেরও বেশি মানুষকে হাঁড়ি, পাতিল ও হোগলা নিয়ে ঢাকায় চলে আসতে হবে।

তিনি আন্দোলন সংগ্রামের পাশাপাশি প্রতিটি এলাকায় ভোটার তালিকা হালনাগাদে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “এখন ধরে নিতে হবে ভোটার তালিকা সংশোধনই আরেকটি আন্দোলন।”

“মনে রাখবেন এতোটুকু উল্টোপাল্টা হলে পরিণতি ভালো হবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্ট করতে হবে।”

“এখন ৪ দলীয় জোট ফ্যাকরা তুলেছে যে, স ম জাকারিয়া ছাড়া তাদের নির্বাচন হবে না। তারা ভোট চুরি করতে চায়। এ জন্য তারা এমন একজন ব্যক্তিকে চায় যে ভোট চুরি করে বাক্স ভরে দিতে পারবে। তারা এতো অপকর্ম করেছে যে, তারা জানে সিঁধকাটা লোক ছাড়া চুরি করা যাবে না।”

“জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক ভোটের অধিকার রক্ষা করতে হবে। জনগণই সুযোগ পেলে তাদের গত পাঁচ বছরের সমস্ত অপকর্মের জবাব দেবে।”

ভোটার তালিকা সংশোধনের সময় যে কয়েকটি বিষয়ে প্রতি তিনি নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহ্বান জানান সেগুলো হলো, ভুয়া ভোটার চিহ্নিত করা ও তাদের বাদ দেওয়া, রাজনৈতিক কারণে যেন কারো নাম বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখা, কোনো অঞ্চলে ভোটার সংখ্যা অস্বাভাবিক হলে সেদিকে নজর রাখা এবং যারা ভোটার তালিকা করতে আসবেন তাদের ওপর নজর রাখা।

অস্বাভাবিক ভোটার সংখ্যার ক্ষেত্রে তিনি বান্দরবানের উদাহরণ টেনে বলেন, সেখানে মোট জনসংখ্যার ৯৮ ভাগ ভোটার।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।