২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে আবারও রীতি ভাঙা হলো

জ্যেষ্ঠ পাঁচ কর্মকর্তাকে ডিঙিয়ে আলী ইমাম মজুমদারকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়ে আবারও প্রশাসনের ঐতিহ্য ও রীতি ভাঙা হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বুধবার তাকে এই পদে নিয়োগ দেওয়ার ফলে প্রশাসনের ৬০ বছরের প্রচলিত রীতিভঙ্গ হয়েছে। এর আগে বিএনপি-জামাত জোট সরকার দুইবার এ রীতি ভেঙেছিলো।

রীতি ভঙ্গ করার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য ধীরাজ কুমার নাথ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ আমি বিষয়টি দেখবো। কীভাবে এধরনের ঘটনা ঘটলো তা আমি খুঁজে করব।”

নতুন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার ক্ষেত্রে জ্যেষ্ঠতা লংঘন হয়নি। নিয়মিত চাকরিতে তিনিই জ্যেষ্ঠ।”

সংস্থাপন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনে কর্মরত পাঁচ জন সচিব রয়েছেন যারা আলী ইমাম মজুমদারের চেয়ে জ্যেষ্ঠ। এদের মধ্যে চার সচিব বিসিএস ১৯৭৩ ব্যাচের এবং এক সচিব বিসিএস ১৯৭৭ ব্যাচের।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদারও বিসিএস ১৯৭৭ ব্যাচের সদস্য।

প্রশাসনের বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের মেধাক্রম অনুযায়ী সর্বশেষ প্রকাশিত গ্রেডেশন তালিকা প্রকাশ করা হয় ১৯৯৯ সালে। হালনাগাদ তালিকা অনুযায়ী, বিসিএস ১৯৭৭ ব্যাচের কর্মকর্তা আলী ইমাম মজুমদারের অবস্থান হচ্ছে ৬৩১ নম্বরে। একই ব্যাচের অপর কর্মকর্তা রফিকুল ইসলামের অবস্থান ৬২১ নম্বরে। সে অনুযায়ী আলী ইমাম মজুমদার অপেক্ষা রফিকুল ইসলাম জ্যেষ্ঠ।

এই দুই সচিবের চেয়ে জ্যেষ্ঠতার তালিকা অনুযায়ী এগিয়ে রয়েছেন বিসিএস ১৯৭৩ ব্যাচের চার সচিব। এরা হচ্ছেন, মীর শাহাবুদ্দিন মোহাম্মদ, সর্বশেষ গ্রেডেশন তালিকা অনুযায়ী তাঁর অবস্থান ২২০। এএফএম মতিউর রহমানের অবস্থান ২৯৫ নম্বরে, মর্তূজা হোসেন মুন্সীর অবস্থান ৩৭৩ নম্বরে এবং জাফর উল্লাহর অবস্থান ৪৯৫।

গ্রেডেশন তালিকা অনুযায়ী বিসিএস ১৯৭৩ এবং ১৯৭৭ ব্যাচের এই ছয় কর্মকর্তার মাঝে যাদের অবস্থান ছিল তাদের অধিকাংশই অবসরে চলে গেছেন। আর কিছু কর্মকর্তা সচিব পদে পদোন্নতি পাননি।এই তালিকা অনুযায়ী কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।

সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক একটি সূত্র জানায়, এই ছয় কর্মকর্তার মধ্যে আলী ইমাম মজুমদার সবার আগে সচিব পদে পদোন্নতি পেয়েছেন। সে হিসেব্ েতাকে জ্যেষ্ঠ বিবেচনা করা হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে, এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে বঞ্চিত হলেও সচিব পদে পদোন্নতি পাওয়ার পর ‘নেক্সট টু বিলো রুল’ অনুযায়ী জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেডেশন তালিকা অনুযায়ী তার নিজের অবস্থানে চলে যাবেন। সরকার নিজেও বঞ্চিত কর্মকর্তাদের ক্ষেত্রে ‘নেক্সট টু বিলো রুল’ কার্যকর করতে পারে। আবার সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদনে প্রেক্ষিতেও এ বিধি কার্যকর হয়।

এই বিধি অনুযায়ী পাঁচ কর্মকর্তা আলী ইমাম মজুমদারের পরে সচিব পদে পদোন্নতি পেলে,বর্তমানে তারাই প্রশাসনের সিনিয়র সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মিত চাকরিতে সিনিয়র সচিবকে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদে নিয়োগ দেয়ার প্রথা ৬০ বছরের পুরনো। কমনওয়েলথ ভুক্তদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্যেষ্ঠ সচিবকে এই পদে বসানোর রীতি প্রচলিত রয়েছে।

চুক্তিতে নিয়োজিত প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড: কামাল উদ্দিন সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদে নিয়োগ দিয়ে জোট সরকার প্রথমবারের মত রীতি ভঙ্গ করে । ২০০২ সালের দুই এপ্রিল তাঁকে এই পদে নিয়োগ দেয়া হয়। পরে অবশ্য এক মাস চার দিনপর অর্থ্যাৎ একই বছরের ছয় মে তারিখে তাকে এই পদ থেকে সরিয়ে দেয়া হয়।

চুক্তিভুক্ত সচিব এএস এম আব্দুল হালিমকে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদে নিয়োগ দিয়ে দ্বিতীয় বারের মত এই প্রথা ভঙ্গ করে গত সরকার। তাকে ২০০৫ সালের ২৪ নভেম্বর এই পদে নিয়োগ দেয়া হয়। তিনি ২০০৬ সালের ৩১ আগষ্ট পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।

চাকরিতে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে চলতি বছরের তিন সেপ্টেম্বর মো: আবু সোলায়মান চৌধুরীকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়ে পুরনো প্রথা চালু করা হয়।