২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বিভাগের ৪৩ আসনে সাক্ষাৎকার শেষ

বিএনপির সংসদীয় বোর্ড বৃহস্পতিবার রাজশাহী বিভাগের ৪৩টি আসনে ২০৭ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে। তবে বিকেলে নির্বাচনী তফসিল পূনর্নির্ধারণের কারনে স্থগিত করা হয় সাক্ষাৎকার গ্রহণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছেন, শুক্র ও শনিবার সাক্ষাৎকার বন্ধ থাকবে। শুরু হবে আবার মঙ্গলবার থেকে।

বণানীর হাওয়া ভবনে সাক্ষাৎকারের তৃতীয় দিনে রাজশাহী বিভাগের নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ১৬টি বাদে ৪৩টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। তবে ১৩টি আসন শরিক দলগুলোর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এদিকে আবু হেনা রাজশাহী-৩ ও কবির হোসেন রাজশাহী-৫ আসনের জন্য মনোনয়ন চেয়ে বৃহস্পতিবার সাক্ষাৎকার দিয়েছেন বলে জানা গেছে। ২০০১ সালের নির্বাচনে তাঁরা চার দলের প্রার্থী হিসেবে ওই দুই আসন থেকে বিজয়ী হন।

গত ২৮ অক্টোবর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আত্মপ্রকাশকালে এক সংবাদ সম্মেলনে অলি আহম্মেদ দাবি করেছিলেন, ওই দুই নেতা তাঁর দলে যোগ দিয়েছেন। তবে এই দুই জন বলেছিলেন, তারা এলডিপিতে যোগ দেয়ার সংবাদ শুনে তখন বিস্মিত হয়েছিলেন।

আজ প্রথম লারমনিরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দেন। জেলার তিনটি আসনের মধ্যে গত নির্বাচনে লারমনিরহাট-৩ আসনে বিএনপির আসাদুল হাবিব দুলু জয় লাভ করেন। এবার বৃহত্তর রংপুরের আসনগুলোতে বিজয়ের জন্য বিএনপির নীতিনির্ধারকরা নতুন হিসাব কষছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারন এরশাদের জাতীয় পার্টি জোটে না আসায় বিএনপিকে বিকল্প পথ অনুসন্ধান করতে হচ্ছে।

২০০১ সালের নির্বাচনে রাজশাহী বিভাগের ৭২টি আসনের মধ্যে বিএনপি ৪২টি, জামায়াতে ইসলামী ৬টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসনে বিজয়ী হয়। ৬টি বিভাগের মধ্যে চার দলীয় জোট রাজশাহী বিভাগে সর্বাধিক আসন পেয়েছিল।