জোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে খালেদার আহ্বান
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেছেন, দল যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন চার দলের প্রার্থী। কোন্দল বা বিভক্তিতে লিপ্ত না হয়ে জোট মনোনীত প্রার্থীর পক্ষে এক যোগে কাজ করার জন্য সকলের প্রতি আহবানও জানান তিনি।
বনানীর হাওয়া ভবনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের দ্বিতীয় দিন বুধবার তিনি এই আহবান জানিয়ে বলেন, এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন।
সাক্ষাৎকার শুরু হয়েছে বেলা ১১টা থেকে। চলবে রাত ১টা পর্যন্ত। কুমিল্লার ২টিসহ চট্টগ্রাম ও চাঁদপুর জেলার ২৩টি আসনের জন্য ২০৩ প্রার্থীর সাক্ষাৎকার নেয়া হচ্ছে।
বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, যোগ্য প্রার্থী বেছে নেওয়ার জন্য পালামেন্টারী বোর্ড যোগ্যতা, দলীয় রাজনীতিতে ভূমিকা, সাংগঠনিক কাজে দক্ষতা ও নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা প্রভৃতি বিষয়ের ওপর অগ্রাধিকার দিচ্ছে। বোর্ডের চেয়ারপার্সন খালেদা জিয়াও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন বলে তিনি জানান।
সাক্ষাৎকার উপলক্ষে বনানীর হাওয়া ভবন এলাকায় ব্যাপক মানুষের সমাবেশ ঘটেছে। প্রার্থীদের সঙ্গে রয়েছে নিজ নিজ এলাকার নেতা-কর্মীরা। অনেক মনোনয়ন প্রত্যাশীর কর্মীদের সংশ্লিষ্ট প্রত্যাশীর পক্ষে শ্লোগান দিতে দেখা যায়।
বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মীদের বসার জন্য হাওয়া ভবনের কাছে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। পুরো এলাকার বিভিন্ন স্থানে রাখা বহু গাড়ি ও মিনিবাস সকলের দৃষ্টি কাড়ছে।
২০০১ সালের নির্বাচনে চট্টগ্রামের ১৫টি আসনের মধ্যে বিএনপি ১২টি ও জামায়াত ১টিতে বিজয়ী হয়েছিল। এবার স্থায়ী কমিটির সদস্য অলি আহমেদ দল ত্যাগ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করায় বিএনপির পালামেন্টারী বোর্ড চট্টগ্রামের আসনে যারা মনোনয়ন চাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন গুরুত্ব সহকারে।
গত নির্বাচনে অলি আহমেদ চট্টগ্রাম-১৩ আসনে জিতলেও চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরীর কাছে হেরে যান।
বৃহস্পতিবার রাজশাহী বিভাগের ৪৫টি আসনের জন্য ২১১ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয়া হবে। শুরু হবে যথারীতি বেলা ১১টায়।
