নির্বাচন কমিশনার হতে কাউকেই রাজী করানো যাচ্ছে না: আকবর আলি
তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খান মঙ্গলবার বলেছেন, “নির্বাচন কমিশন এখন এতটাই বিতর্কিত হয়ে গেছে যে, নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য যোগ্য কাউকে রাজী করানো যাচ্ছে না।”
আকবর আলি খান অর্থ মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আমরা যোগ্য লোক খুঁজছি, কিন্তু কেউই দায়িত্ব নিতে চাইছেন না।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন এতই বিতর্কিত হয়ে পড়েছে যে, প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবেন এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।”
তবে নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য তত্ত্বাবধায়ক সরকার কতজনের সঙ্গে যোগাযোগ করেছে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, “এটা রাষ্ট্রীয় গোপন ব্যাপার। আমরা এটা জনসম্মুখে প্রকাশ করতে পারিনা।”
তিনি বলেন, “এখন সব পদই বিতর্কিত হয়ে পড়েছে। এমনকি আমরা রাজি না হলে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ করতে সরকারকে বিজ্ঞাপন দিতে হতো।”
বাণিজ্য, পরিকল্পনা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা আকবর আলি বলেন, “মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচনের তফসিল পুনঃঘোষণা এবং ভোটার তালিকা হালনাগাদের বিষয়েও আলোচনা হয়েছে।”
যে কোনো অবস্থায় ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “সংবিধানে প্রদত্ত ৯০ দিনের বাধ্যবধকতা অমান্য করার কোনো উপায় নেই।”
নির্বাচনী তফসিল পুনঃঘোষণা এবং ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার অচিরেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বলেও তিনি জানান।
তিনি বলেন, “চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি ‘প্যাকেজ প্রস্তাব’ নিয়ে তিন সদস্যের উপদেষ্টা কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন, তফসিল পুনঃঘোষণা এবং ভোটার তালিকা হালনাগাদের বিষয়েও তারা প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার সহকর্মী মাহবুবুল আলম একটি সুরঙ্গের দেখা পেয়েছেন, যেখানে জাতি আশার আলো দেখতে পারে। কিন্তু এখন তিনি অনেকগুলো সুরঙ্গ দেখতে পাচ্ছেন।”
উপদেষ্টা বলেন, “এই সংকট নিরসনের ব্যাপারে তিনি এখনো ‘সতর্ক আশাবাদী’।”
প্রশাসনে রদবদলের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে একটি আদেশ ইতিমধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠনো হয়েছে। “সংশ্লিষ্ট সচিবকে জিজ্ঞাসা করুন” বলেও তিনি উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের ব্যাপারে তিনি বলেন, সংবিধান এ ব্যাপারে নির্বাচন কমিশনকেই শুধু ক্ষমতা দিয়েছে। “তত্ত্বাবধায়ক সরকার এ বিষয়ে কোনো নীতিমালা দিতে পারে না” বলেও তিনি জানান।
