বিসিএস তথ্য ক্যাডারের কোনো কর্মকর্তা পদোন্নতি নাম না পাওয়ায় ক্ষোভ
উপসচিব পদে পদোন্নতির তালিকায় বিসিএস তথ্য ক্যাডারের কোনো কর্মকর্তার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন।
এদিকে সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ দীর্ঘদিন ধরে বঞ্চিত ৩৫৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়ায় সরকারের সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন।
সোমবার প্রশাসনের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ে পদোন্নতি বঞ্চিত ৩৫৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হিসেবে ১৭৪ জনকে পদোন্নতি দেয়া হলেও এতে তথ্য ক্যাডারের কোনো কর্মকর্তাকে এ তালিকায় রাখা হয়নি।
বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের ১৯৮৫ থেকে ১৯৮৮ সালের ব্যাচের কর্মকর্তারা পদোন্নতি পেলেও তথ্য ক্যাডারের ১৯৮৪ সালের ব্যাচের কোনো কর্মকর্তাকেও এতে সুযোগ দেয়া হয়নি। এ ব্যাপারে সরকার অচিরেই উদ্যোগ নেবে বলে এসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূইয়া মিলন ও মহাসচিব শামসুল আলম এক বিবৃতিতে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেয়ায় অভিনন্দন জানিয়েছেন।
একই সঙ্গে তারা পরিষদের ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতাসহ ১০ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্ন বেতনভূক্ত কর্মচারীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। সরকারের উচিত অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেয়া।
