বিচারকদের সিদ্ধান্তে ড. কামালসহ আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ
বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে ভাঙচুরের ঘটনায় দেশের শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। প্রধান বিচারপতির সভাপতিত্বে নেওয়া সিদ্ধান্ত অনুসারে শাহবাগ থানায় এ অভিযোগ করা হয়। থানা কর্তৃপক্ষ অবশ্য এটিকে রাষ্ট্রদ্রোহ মামলা বলতে নারাজ। তারা এটিকে সাধারণ জিডি হিসাবে গ্রহণ করেছেন।
বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিমকোর্টের কোর্ট কিপার মো. রফিকুল ইসলাম মঙ্গলবার শাহবাগ থানায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করেন।
এতে অভিযোগ করা হয়েছে, “গত ৩০/১১/২০০৬ ইং তারিখ দুপুর ২ঃ৩০ মিনিটে এনেক্স ভবনের ১২ নং কোর্টে মাননীয় বিচারপতি মহোদয় কয়েকটি রিট পিটিশন শুনানিকালে বিজ্ঞ আ্যাটর্নি জেনারেল উক্ত রিট পিটিশনগুলোর উপর মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের স্থগিতাদেশ প্রদান সম্পর্কে মাননীয় কোর্টকে অবহিত করেন। ইহাতে রিট আবেদনকরীর পক্ষে কতিপয় আইনজীবী উত্তেজিত হইয়া উচ্চস্বরে অকথ্য ভাষায় অশালীন মন্তব্য করেন এবং উত্তেজিত আইনজীবী ও আইনজীবী সহকারীগণ মাননীয় প্রধান বিচারপতি মহোদয়সহ অন্যান্য বিচারপতি মহোদয় সম্পর্কে কটুক্তি/ স্লোগান দিতে দিতে এনেক্স ভবনের ১২ নং কোর্ট হইতে মূল ভবনের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের এজলাস কক্ষের সম্মুখে আসিয়া কক্ষের দরজা, জানালার কাচ, বারান্দায় রক্ষিত আসবাবপত্র ভাঙ্গিয়া ফেলে।”
অভিযোগে আরো বলা হয়, “এ সময় তাহারা সুপ্রিম কোর্টের মূল ভবনের গেইটে উড্ডীয়মান জাতীয় পতাকা নামাইয়া ছিন্ন ভিন্ন করিয়া ছুড়িয়া ফেলিয়া দেয়। এছাড়া তাহারা ১৪ নং কোর্টে মাননীয় বিচারপতি মহোদয়গন শুনানি গ্রহণকালে কতিপয় আইনজীবী উশৃঙ্খল লোকজন লাথি ও ধাক্কা ধাক্কি করিয়া দরজা খুলিয়া ফেলে জোরপূর্বক এজলাসে প্রবেশ করতঃ শুনানিতে বাধা প্রদান করেন এবং বিচারকদের গালিগালাজ করেন।”
কোর্ট কিপার মো. রফিকুল ইসলাম অভিযোগপত্রে বলেছেন “উক্ত সময়ে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং দেখতে পাই যে, জনাব রোকনউদ্দিন মাহমুদ, ড. কামাল হোসেন, তানিয়া আমীর, আমীরুল ইসলাম, খসরুজ্জামান, সুবত চৌধুরী, সুব্রত সাহা, আশরাফুর রহমান, প্রমুখ আইনজীবীদের নেতৃত্বে প্রায় দুই শতাধিক আইনজীবী সহকারী ও উশৃঙ্খল লোকজন উল্লেখিত বেআইনী ও অপরাধমূলক কার্যকলাপ ঘটায়। ইহা ছাড়া একজন আইনজীবী জাতীয় পতাকা নামাইয়া ছিড়িয়া ফেলে যাহাকে দেখিলে চিনতে পারিব।”
“এই ঘটনা আমার সহকর্মীরাসহ আদালত অংগনে উপস্থিত আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী, বিচারপ্রার্থী জনগণ ও কর্ত্যরত পুলিশ প্রত্যক্ষ করিয়াছেন। এই অভিযোগটি এজাহার হিসাবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হইল।”
