২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন মানব না: মান্নান ভূঁইয়া

সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন তারা মানবেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নগর চার দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘‘সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হলে আমরা তা মানব না। প্রয়োজনে চার দল রাস্তায় নামবে। কোনো দল বা জোটের আবদার রক্ষা করতে তফসিল পুনঃনির্ধারণের নামে সংবিধান পরিপন্থী কোনো কিছু মেনে নেওয়া হবে না।’’

তিনি ২১ জানুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানান।

একই সঙ্গে তিনি ১৪ দলকে আন্দোলনের পথ ছেড়ে নির্বাচনে অংশ নিয়ে জনসমর্থন যাচাই করারও আহবান জানান।

সমাবেশে তিনি চার দলের পক্ষে আগামী শনিবার সারা দেশে সমাবেশ ও ঢাকার মুক্তাঙ্গণে জনসভা অনুষ্ঠান সংক্রান্ত পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

দেশে ১৪ দলের ‘নৈরাজ্য সৃষ্টি’র প্রতিবাদে চার দল পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে এই কর্মসূচি পালন করছে।

মান্নান ভূঁইয়া দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকাকে ‘নমনীয়’ আখ্যা দিয়ে এর সমালোচনা করে বলেন, পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে, অনেক মানুষ হত্যা হয়েছে। সুপ্রিম কোর্টে নৈরাজ্যের নামে তাণ্ডব চালানো হয়েছে। অথচ সরকার কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

তিনি অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকার তথাকথিত আন্দোলনের ভয়ে ১৪ দলের তাঁবেদারী করছে যা এটা ঠিক নয়।

তিনি নির্বাচন পুনঃতফসিলে চারদলের অনাপত্তির কথা উল্লেখ করে বলেন, “তবে ভোট গ্রহণের ঘোষিত দিন ঠিক রেখে তা করতে হবে।”

মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে জামায়াতে ইসলামীর মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জামায়াতের মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, রফিকুল ইসলাম খান, বিএনপির মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু ও আবদুস সালাম বক্তব্য রাখেন।