২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের নজিরবিহীন আদালত বর্জন, আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনার প্রতিবাদে নজিরবিহীনভাবে বিচারকরা আদালত বর্জন করেছেন। প্রধান বিচারপতির সভাপতিত্বে মঙ্গলবার বিচারকরা আগামি দুই দিনও বিচার কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে পুরো সুুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 11:59 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এদিকে ভাঙচুরের এই ঘটনায় সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

শাহবাগ থানায় এ অভিযোগ করা হয়। থানা কর্তৃপক্ষ অবশ্য এটিকে রাষ্ট্রদ্রোহ মামলা বলতে নারাজ। তারা এটিকে সাধারণ জিডি হিসাবে গ্রহণ করেছেন।

বিএনপি-জামায়াত জোট সমর্থক আইনজীবীরা বিচারপতিদের আদালতের কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, সুপ্রিমকোর্টে ভাংচুরের ঘটনায় জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত বিচারপতিদের বিচার কাজে যাওয়া ঠিক হবেনা।

অবশ্য সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে বিচারকদের আদালত বর্জনকে অশনি সংকেত বলে অভিহিত করে বলেছে, প্রধান বিচারপতি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়ে নতুন সংকট সৃষ্টি করলেন। তাদের মতে, এর মাধ্যমে চারদলীয় জোর্টের জনসভার কর্মসূচির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করলেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার সারাদিনে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মোঃ আবদুল আজিজের দুটি একক বেঞ্চ ছাড়া আর কোনো আদালত বসেনি।

নিয়ম অনুসারে সকাল নয়টায় আপিল বিভাগের দুটি বেঞ্চ এবং সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের সবগুলো বেঞ্চ বসার কথা।

আদালতে কার্যক্রম পরিচালনায় প্রতিদিনের মত মঙ্গলবার হাইকোর্টের কোনো কার্যতালিকা বের হয়নি। তিন ডিসেম্বরের কার্যতালিকা অনুসারেই হাইকোর্ট বিভাগে নয়টা একক ও ৩২টা দ্বৈত বেঞ্চ তালিকাভুক্ত রয়েছে।

সকাল সাড়ে এগারোটায় প্রধান বিচারপতির এজলাসের দরজায় ঝুলানো নোটিশ অনুসারে সকাল নয়টা থেকে কার্যক্রম শুরু করার কথা রয়েছে। এর মধ্যে এক পর্যায়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারকদের সবার বসার আয়োজন সম্পন্ন হলেও কোনো আদালত বসেনি।

আকস্মিকভাবে কেন বিচারকরা আদালতে বসছেন না, সে সম্পর্কে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোঃ ফজলুল করিম সাংবাদিকদের বিচারকদের সিদ্ধান্তের অনুলিপি হস্তান্তর করেন।

এতে বলা হয়, যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে ভাঙচুরের মত আর কোনো ঘটনা না ঘটানোর অঙ্গীকার, ওই দিনের ঘটনার জন্য প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা এবং প্রধান বিচারপতির আদালত বর্জনের সিদ্ধান্ত ত্যাগ না করা হবে ততদিন পর্যন্ত বিচাকেরা আদালতের কাজকর্ম থেকে বিরত থাকবেন।

এছাড়াও এ সিদ্ধান্তে জানানো হয়েছে, আপিল বিভাগ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করবে। আদালতে ভাংচুর কারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাও করবে।

মঙ্গলবার দিনভর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জড়িতদের বিরুদ্ধে আদালত অবমানানার রুল জারিসহ শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো আদালতে সভা, সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

উদ্ভুত পরিস্থিতি নিয়ে সমিতি সিনিয়র আইনজীবীদের নিয়ে মঙ্গলবার দফায় দফায় বৈঠক করেছে।

সামগ্রিক প্রেক্ষাপটে অপ্রীতিকর যে কোন ঘটনা এড়াতে প্রধান বিচারপতির অফিসের সামনেসহ সুপ্রীমকোর্ট এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা পদ গ্রহনের বৈধতা নিয়ে রিটে রায় প্রদানের প্রাক্কালে প্রধান বিচারপতি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়ায় বিক্ষুব্ধ আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাস, খাস কামরা ও অ্যাটনিী জেনারেল অফিসে ব্যাপক ভাংচুর করে।

বিচারকদের আদালত বর্জন

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্ট বিভাগের দু’টি বেঞ্চ ছাড়া সুপ্রীমকোর্টের কোনো বেঞ্চে বিচার কাজ হয়নি। তবে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল আজিজ তাদের একক দুটি বেঞ্চে বসেছেন।

বিচারপতি খায়রুল হকও আদালতে আইনজীবী না থাকায় কিছুক্ষণ পর নেমে যান। অবশ্য দুপুর পর্যন্ত বিচারপতি মোঃ আবদুল আজিজের আদালতে পুরোদমে বিচারকাজ চলে।

এদিকে সকাল সাড়ে এগারটায় প্রধান বিচারপতির ১ নং বিচারকক্ষে ৭ বিচারপতির পূর্নাঙ্গ বেঞ্চ বসার আয়োজন হলেও শেষ পর্যন্ত বসেনি।

গুজব ছড়িয়ে পড়ে যে ভাংচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করার জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ বসছে।

বিচারকদের সভা

গত ৩ ও ৪ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের হেয়ার রোডের বাড়িতে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে পৃথক সভা করেন।

সেই সভার সিদ্ধান্তে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর একটি সংঘবদ্ধ আইনজীবী দল বাংলাদেশের পতাকা দুমড়ে মুচড়ে ফেলে এবং সুপ্রিম কোর্টে ভাংচুর চালিয়ে বিচারকের পবিত্র আসনের অবমাননা করেছে। এর ফলে তারা রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করেছে এবং প্রধান বিচারপতির আদেশের অমর্যাদা করেছে। তারা রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছে।

বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবী সমিতি ও বার কাউন্সিল এ ঘটনার নিন্দা জানিয়ে ক্ষমা প্রার্থনা না করা পর্যন্ত বিচারকরা আদালতে বসবেন না। এতে আরও সিদ্ধান্ত হয়, দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হবে। আদালতের নিরাপত্তার জন্য সরকারের প্রতি আবেদন জানানো হবে।

এদিকে মঙ্গলবারও প্রধান বিচারপতি আপিল বিভাগের ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে পৃথক সভা করেছেন। জানা গেছে, সকালে আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে তিনি বৈঠক করেন। দুপুর আড়াইটায় তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে একঘণ্টার বৈঠক করেন।

বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারপতি সাংবাদিকদের বলেন, “আমরা শারীরিক ও মানসিকভাবে নিরাপত্তা হীনতায় ভুগছি। আজকে সভায় সিদ্ধান্ত হয়েছ যে, আগামি দুইদিন আমরা বিচারকাজ থেকে বিরত থাকবো। দুই পক্ষের আইনজীবীরা দুই ধরনের কর্মসূচি নিয়েছে। এজন্য আমরা যেকোনো সময় লাঞ্ছিত হতে পারি বলে আশঙ্কা করছি। আমরা দুই দিন সামগ্রিক পরিস্থিতি দেখবো। তবে আমরা আদালত বর্জন করছি না বরং বিচারকাজ থেকে বিরত থাকছি।”

রাষ্ট্রদ্রোহের মামলা

বিচারপতিদের সভার সিদ্ধান্ত অনুযায়ী কোর্ট কিপার মো. রফিকুল ইসলাম মঙ্গলবার শাহবাগ থানায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলম, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমীর, সুব্রত চৌধুরী, সুব্রত সাহা, আওসাফুর রহমান, খসরুজ্জামান ও অজ্ঞাতনামা ২ শতাধিক আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন।

জাতীয়তাবাদী আইনজীবীদের কর্মসূচি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুর বারোটায় সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন, শাহ খসরুজ্জামান, তৈমুর আলম খন্দকার ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

এর পর তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দুবার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। সমিতি ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বুধবার সোয়া একটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সমাবেশের ঘোষণাও দেওয়া হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

দুপুর দেড়টায় সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, প্রধান বিচারপতির বাসভবনে কিছু সংখ্যক বিচারপতিকে নিয়ে বৈঠক করে আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে চার দলীয় জোটের জনসভায় ঘোষিত কর্মসূচির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে প্রধান বিচারপতি নতুন সঙ্কট সৃষ্টি করলেন। এটি জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক ও অমঙ্গলকর। দলীয় কর্মসূচি থেকে নিজেকে ও আদালতকে মুক্ত রাখা এবং চার দলীয় জোটের নানা ধরনের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত না হওয়ার জন্য তিনি প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার শফিক আহমেদ, আবদুল বাসেত মজুমদার, ওজায়ের ফারুক, মাহবুবুল আলম, আবদুল মতিন খসরু প্রমুখ।

মামলার প্রতিক্রিয়া

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “একটা ঘটনা নিয়ে একটা মামলা হতে পারে। কিন্তু এ ঘটনায় আগে আরো দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর বক্তব্য স্ববিরোধী। আমার ৩০ বছরের পেশাগত জীবনে বিচারকদের আদালত বর্জনের বিষয়টি ধারণা ছিল না। এ ঘটনার পর প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের নিয়ে সমস্যার সমাধান করতে পারতেন। তা না করে বিচারপতিরা ট্রেড ইউনিয়নের কর্মীদের মত আদালত বর্জন করছেন যা অবিশ্বাস্য।”

ড. জহির বলেছেন, বিচার কাজ বন্ধ হয়ে যাওয়ার অর্থ রাষ্ট্রের একটি অঙ্গ অচল হয়ে যাওয়া।