বিএনপির মনোনয়ন পেতে ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার শুরু
সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার থেকে মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে বিএনপি।
বনানীর হাওয়া ভবনে দলীয় কার্যালয়ে চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে ১১ সদস্যের পার্লামেন্টারি বোর্ড সকাল থেকে এই সাক্ষাৎকার নিচ্ছে।
বোর্ডের সদস্যদের মধ্যে আছেন এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, খন্দকার দেলোয়ার হোসেন, ড. আরএ গনি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কেএম ওবায়েদুর রহমান, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়।
এবারের সংসদ নির্বাচনে দুই বিভাগে ৭৮টি আসনের জন্য মোট ৪৩৫ জন প্রার্থী মনোনয়ন চেয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৫৯টি আসনের জন্য ৩৮২জন ও সিলেট বিভাগের ১৯টি আসনের জন্য ৫৯ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সকালে সাংবাদিকদের জানান, সিলেট-৩ আসন দিয়ে সাক্ষাৎকার পর্ব শুরু হয়েছে। এই আসনের জন্য তিনজন প্রার্থী সাক্ষাৎকার দেন। এরা হলেন শফি আহমেদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী ও ইকবাল বাহার।
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানও সিলেট-১ আসনের জন্য সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকার উপলক্ষে বনানী কার্যালয়ে সাক্ষাৎকার প্রার্থীদের সমর্থক দলীয় নেতাকর্মীরাও উপস্থিত হন। তাদের জন্য প্যান্ডেল টাঙিয়ে বসার আলাদা ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রাম বিভাগে ৫০টি আসনে ও সিলেট বিভাগে ৯টি আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছিলেন।
এছাড়া চার দলীয় জোটে চট্টগ্রাম বিভাগের দুটি আসনে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোট একটি করে আসন ও সিলেট বিভাগে জামায়াত একটি আসন লাভ করে।
