নতুন কাউকে ভারপ্রাপ্ত সিইসি মানবেন না বিচারপতি মাহফুজ
নিজের কোনো বিকল্প মেনে না নেওয়ার কথা আবারও জোর দিয়ে বলেছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান।
“তত্ত্বাবধায়ক সরকার ভারপ্রাপ্ত নতুন নির্বাচন কমিশনার নিয়োগের চেষ্টা করছে”- মঙ্গলবার সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের মুখে ভারপ্রাপ্ত সিইসি একথা বলেন।
এর আগের চারজন নির্বাচন কমিশনার এবং ভারপ্রাপ্ত হিসেবে তার মাধ্যমে পরিচালিত নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, “আমার পরে যিনি আসবেন তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হবেন না, হবেন পঞ্চম নির্বাচন কমিশনার।”
সিইসি এমএ আজিজ ছুটিতে যাওয়ার পর মাহফুজুর রহমান বলেছিলেন, কমিশনে নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাকে ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবারও তিনি বলেন, “ নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে যিনি আগে শপথ নিয়েছেন তিনিই জ্যেষ্ঠ।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি নতুন কাউকে কমিশনার হিসেবে নিয়োগ দিতে পারেন; সেটা তার এখতিয়ারভূক্ত।”
একটি মামলার সূত্র ধরে ২০০১ সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের দেওয়া আদেশ উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচন কমিশনার একটি সাংবিধানিক পদ। নিয়ম অনুযায়ী যিনি আগে শপথ নেবেন, তিনিই হবেন বয়োজ্যেষ্ঠ।”
উপদেষ্টারা একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে ভারপ্রাপ্ত সিইসি হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর উদ্ধৃতি দেন। তিনি বলেন, “সিইসি ছুটিতে গেলে বা তার অনুপস্থিতিতে অন্য কমিশনাররা বসে সিদ্ধান্ত নেবেন কে ভারপ্রাপ্ত সিইসি হবেন। ভারপ্রাপ্ত সিইসির তো কোনো পদই নেই; তাহলে তারা (উপদেষ্টারা) এই পদে কাউকে দেবেন কিভাবে?”
তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, “একজন কনিষ্ঠ ব্যক্তি কি নির্বাচন কমিশনের প্রধান হতে পারে?”
এখন নতুন নির্বাচন কমিশনার এলে কমিশনাররা বসে আবার নতুন করে কাউকে ভারপ্রাপ্ত সিইসি এর দায়িত্ব দিতে পারেন কি না-তা জানতে চাওয়া হলে তিনি বলেন, “নতুন কেউ আসুক; তখন দেখা যাবে।”
সোমবার বিকালে ও মঙ্গলবার সকালে পর পর দুদফা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে মাহফুজুর রহমান বৈঠক করেন।
মঙ্গলবার সকাল সোয়া ১১ টায় বঙ্গভবনের উদ্দেশ্যে বের হয়ে বেলা দেড়টার দিকে কমিশন সচিবালয়ে ফিরে আসেন। দুপুর আড়াইটার দিকে বঙ্গভবনের এই বৈঠক শেষে ভারপ্রাপ্ত সিইসি ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও কথা জানান।
ভোটার তালিকার ভুলত্রুটি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তালিকা হালনাগাদ ও সংশোধনের ব্যাপারে আমরা সব ধরনের পদক্ষেপ নেবো।”
আওয়ামী লীগসহ সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে ভোটার তালিকা সংশোধনের দাবি জানিয়ে আসছে।
মাহফুজুর রহমান আরও জানান, ওয়াশিংটনভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ভোটার তালিকা সংশোধনের ব্যাপারে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
তালিকা সংশোধনের ব্যাপারে আগের দেওয়া বক্তব্যের সঙ্গে তার এ বক্তব্যের মিল নেই।
এর আগে রোববার ভারপ্রাপ্ত সিইসি এনডিআই এর প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিলেন। বিদ্যামান ভোটার তালিকায় এক কোটি ২২ লাখ ভুয়া ভোটার রয়েছে বলে এনডিআই এর প্রতিবেদনে বলা হয়।
তড়িঘড়ি করে ঘোষণা করা নির্বাচনী তফসিল সম্পর্কে তিনি বলেন, “৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া নির্বাচনী তফসিলের অন্যান্য তারিখ পরিবর্তন করা যেতে পারে।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচন একমাস পেছানো যেতে পারে বলে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি অপারগতা প্রকাশ করেন।
তফসিল পরিবর্তন বা নতুন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে উপদেষ্টারা এরই মধ্যে সাংবাদিকদের যে সব কথা বলেছেন, সে বিষয়ে জানতে চাওয়া হলে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “তারা এসব বিষয়ে আমাকে তো কিছু বলেনি। এ সব বিষয়ে কোনো আলোচনাই হয়নি।”
এদিকে কমিশন সচিব আব্দুর রশীদ সরকার মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে সরাসরি বঙ্গভবনে গিয়ে উপদেষ্টাদের বৈঠকে যোগ দেন। কমিশন সচিবালয়ে বিকাল সাড়ে ৩ টায় তিনি ফিরে সরাসরি কমিশনার স ম জাকারিয়ার কক্ষে যান। এই কমিশনারের বিষয়ে এরই মধ্যে ১৪ দল আপত্তি তুলেছে।
পরে বিকাল ৫ টার দিকে সচিব কমিশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের জানান, সারা দেশে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সহায়ক কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করবেন।
তিনি জানান, আগামি ১৩ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সহকারী রেজিস্ট্রেশন অফিসার বাদযোগ্য ভোটারের বিষয়ে শুনানি এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি তালিকা সংশোধন করবেন। সংশোধন কাজের সময় নাম বাদ দেয়া ছাড়াও ভোটার হওয়ার যোগ্য কেউ বাদ পড়ে থাকলে তা অন্তর্ভুক্তি এবং নামের ভুল সংশোধনের জন্য নির্ধারিত ফরমে সহায়ক কর্মকর্তাদের কাছে আবেদন করা যাবে।
সচিব আব্দুর রশীদ আরো জানান, হালনাগাদ করা ভোটার তালিকা তৈরিতে কমিশনের ব্যয় হয়েছে ৭০ কোটি টাকা। আর সংশোধনের কাজে ব্যয় হবে আরও ১০ কোটি টাকা। এক লাখ ৪০ হাজার সহায়ক কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধন করবেন। সংশোধনের কাজটি ছোট বলে এ জন্য তারা ৫০০ টাকা সন্মানী পাবেন।
তিনি আবারও বলেন, “সকল রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, তাহলে সংবিধানের আওতায় তফসিল পরিবর্তন করা যায়। এ জন্য উপদেষ্টারাও কাজ করছেন।”
কোনো নতুন কমিশনার নিয়োগ বা কোনো কমিশনার ছুটিতে যাবেন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
এর আগে সকাল ১০ টায় ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্টরাইট মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমানের সঙ্গে সাক্ষাত করেন।
আধঘন্টার এ বৈঠক শেষে কমিশন কার্যালয়ের গাড়ি বারান্দায় সাংবাদিকদের তিনি জানান, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনারের ঙ্গে আসন্ন নির্বাচনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার স্বার্থে হালনাগাদ ভোটার তালিকা কিভাবে নির্ভুল করা যায়, আমরা সে বিষয়ে কথা বলেছি।”
তালিকা সংশোধন প্রসঙ্গে গ্যাস্টরাইট বলেন, “ তালিকা নির্ভুল করার বিষয়ে একটি পরিকল্পনার কথা নির্বাচন কমিশনার জানিয়েছেন। সাত দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে তালিকা সংশোধনের এই পরিকল্পনাটি আমাদের কাছে চমৎকার মনে হয়েছে।”
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
