সচিবদের বদলির সিদ্ধান্ত সোমবার মধ্যরাতেও সংস্থাপন মন্ত্রণালয়ে পৌঁছায়নি
গুরুত্বপূর্ণ কয়েকজন সচিবকে বদলি করার জন্য উপদেষ্টামণ্ডলীর সিদ্ধান্ত সোমবার গভীর রাত পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয়ে পৌঁছায়নি।
সোমবার রাত সোয়া ১২টার দিকে সংস্থাপন সচিব এ এফ এম সোলায়মান চৌধূরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এরকম কোনো সিদ্ধান্তের কথা তাকে জানানো হয়নি।
নিজেও বদলির তালিকায় থাকা সংস্থাপন সচিব বললেন, “আমি টেলিভিশন খবরে বিষয়টি জেনেছি।”
এদিকে জাতীয় সংসদের মুখপাত্র মাহবুবুল আলম সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান যে প্যাকেজ প্রস্তাবের অংশ হিসেবে উপদেষ্টা পরিষদ কয়েকজন গুরুত্বপূর্ণ সচিবের বদলির আদেশ দিয়েছেন। সোমবারের মধ্যেই এ বদলি কার্যকর হয়ে যাওয়ার কথা।
এদিকে কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও পদায়নের কাজে সোমবার রাত সাড়ে এগারোটা পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় কাজ করেছে।
সচিবদের বদলি সম্পর্কে সোলায়মান চৌধুরী জানান,“উর্ধ্বতন কর্তৃপক্ষ এরকম কোন নির্দেশ দেয়নি। যখনই এরকম কোন নির্দেশ আসবে আমি তা কার্যকর করব।”
