সংশোধনের উদ্যোগ নিচ্ছে ইসি
অবশেষে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করছে।
এদিকে বঙ্গভবনে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে নির্বাচন কমিশন ও উপদেষ্টারা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। কমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছে, বৈঠকে কমিশন পুনর্গঠন ও পুনঃতফসিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে শুধুমাত্র ভোটার তালিকা সংশোধনের বিষয়ে।
কিন্তু উপদেষ্টারা সুনির্দিষ্টভাবে বলেছেন, বৈঠকে কমিশন পুনর্গঠন, পুনঃতফসিল ও ভোটার তালিকা সংশোধন বিষয়ে আলোচনা হয়েছে।
বঙ্গভবনে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান ও সচিব আব্দুর রশীদ সরকার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সোমবার বিকেলে সাক্ষাত করে ফিরে রাতে প্রায় দুই ঘণ্টার এক বৈঠকে বসেন। এতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, স্বল্প সময়ের মধ্যে কিভাবে হালনাগাদ করা ভোটার তালিকা সংশোধন করা যায়, তার উপায় খুঁজে বের করতেই কমিশনের এই বৈঠক।
নির্বাচন কমিশনের সন্ধ্যা ৭টা থেকে টানা রাত পৌনে ৯ টা পর্যন্ত চলা এই বৈঠক নজিরবিহীন।
বৈঠক শেষে ভারপ্রাপ্ত সিইসি চলে যাওয়ার সময়ে গাড়ি বারান্দায় অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “সামনেই নির্বাচন। কিভাবে ভোটার তালিকা সংশোধন করা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।”
কমিশন পুনর্গঠন ও পুনঃতফসিলের বিষয়ে তারা কোনো আলোচনা করেছেন কি না-সাংবাদিকদের এ সব কোনো প্রশ্নের জবাব না দিয়েই তিনি দ্রুত চলে যান। বৈঠকের বিষয়ে সচিব আব্দুর রশীদ সরকারও মুখ খোলেননি।
বৈঠকটির শুরুতে কমিশনের লবিতে অপেক্ষমান সাংবাদিকদের ভারপ্রাপ্ত সিইসি বলেন, “রাষ্ট্রপতি আমাদের ডেকেছিলেন। কমিশনের সচিব এ ব্যাপারে আপনাদের জানাবেন।”
তখন কমিশন সচিব সাংবাদিকদের জানান, নির্বাচনী তফসিল পুনঃঘোষণা বা নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে ভারপ্রাপ্ত সিইসির কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “রাষ্ট্রপতি আমাদের ডেকে পাঠিয়েছিলেন। তার সঙ্গে ১০ মিনিট আলোচনা হয়েছে। ভোটার তালিকায় অনেক নাম একাধিকবার আছে। এটা কীভাবে সংশোধন করা যায় প্রধান উপদেষ্টা তা দেখতে বলেছেন। ”
কিন্তু সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে টানা ছয় ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে এসে উপদেষ্টা মাহবুবুল আলম ও হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা সংশোধনের উপায় খুঁজে দেখা হচ্ছে। আর এটা হলো মূল ‘প্যাকেজ প্রস্তাব’ এরই একটি অংশ।
তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, ভোটার তালিকার সংশোধন ও হালনাগাদ, গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনী তফসিল পরিবর্তন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন সোমবার রাতে বৈঠকের পর মঙ্গলবার তাদের সিদ্ধান্তের কথা জানাবে।
নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে মাহবুবুল আলম বলেন, “তারা সাংবিধানিক দায়িত্বে আছেন। তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। আমরা এর আগে আজিজ সাহেবকে ছুটিতে যাওয়ার অনুরোধ করেছিলাম। তিনি তা রেখেছেন। এবারও দুই একজন কমিশনারকে ছুটিতে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।”
প্রসঙ্গত, একদিন আগেই রোববার ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান সাংবাদিকদের এনডিআই এর প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, “এর কোনো ভিত্তি নেই। প্রতিবেদনটির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি।”
এনডিআর জরিপ এর প্রতিবেদনে হালনাগাদ ভোটার তালিকায় ভুয়া ভোটার এবং একই নাম একাধিকবার রয়েছে বলে অভিযোগ করা হয়।
