২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি পদে বিচারপতি তাফাজ্জাল ইসলামের আসার সম্ভাবনা বাড়ছে

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মোঃ তাফাজ্জাল ইসলামের নামটি এখন জোড়েশোরে আলোচিত হচ্ছে। নির্ভরযোগ্য কয়েকটি সূত্র এ তথ্যটি নিশ্চিতও করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:06 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

অবশ্য উপদেষ্টামণ্ডলী, বঙ্গভবন বা বিচারকের বাসা কোনো পক্ষ থেকেই এ খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

রোববার রাতে খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে ‘প্যাকেজ প্রস্তাব’ নিয়ে তিন উপদেষ্টার আলোচনার সময় বিচারপতি তাফাজ্জালের নামটি বিবেচনার জন্য উঠে আসে। বিএনপি চেয়ারপার্সন তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দেয়ার ব্যাপারে তার আপত্তি নেই বলে জানিয়েছেন। তবে তাকে ভারপ্রাপ্ত সিইসি পদে নিয়োগ দেয়ার বিষয়ে তিনি সুস্পষ্ট কোনো সম্মতি জানাননি।

যদি নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া হয়, তাহলে পদাধিকার বলে বিচারপতি তাফাজ্জাল ইসলাম ইসিতে বর্তমানে কর্মরতদের তুলনায় সিনিয়র বলে বিবেচিত হবেন এবং তার ভিত্তিতেই তিনি আইন অনুযায়ী ভারপ্রাপ্ত সিইসি হিসেবে বিবেচিত হবেন। যেহেতু তিনি আপিল বিভাগের আর অন্যেরা হাইকোর্টের বিচারপতি।

রোববার রাত থেকেই ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিচারপতি তাফাজ্জাল ইসলামের নাম শোনা যাচ্ছে। বিচারপতি তাফাজ্জাল জানুয়ারিতে দেয়া এক রায়ে বর্তমান নির্বাচনী আইনের সংশোধন ও সংস্কার প্রয়োজন বলে ঘোষণা করেছিলেন, যখন সম্প্রতি ছুটিতে যাওয়া সিইসি এমএ আজিজ পুরানো ভোটার তালিকা অগ্রাহ্য করে নতুন আরেকটি তালিকা তৈরিতে হাত দেন। তিনি আজিজের এই উদ্যোগকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন। এছাড়া তিনি ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন্নাহার হলে ঢুকে পুলিশের বর্বরতার ঘটনাটি তদন্তেও নেতৃত্ব দিয়েছিলেন। এ কারণে ১৪ দলের মধ্যেও তার ভালো গ্রহণযোগ্যতা রয়েছে।

দুই উপদেষ্টা এম আজিজুল হক ও বিচারপতি ফজলুল হক সোমবার রাতে বিচারপতি তাফাজ্জাল হোসেনের বাসায় যান। বাসা থেকে বেরিয়ে আজিজুল হক সাংবাদিকদের জানান, পুরনো বন্ধুত্বের সূত্র ধরেই ওইখানে গিয়েছিলেন তিনি।

যোগাযোগ করা হলে বিচারপতি তাফাজ্জাল ইসলাম রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ মুহূর্তে কিছু বলতে পারছি না।”

বিচারপতি তাফাজ্জাল ইসলাম ১৯৪৩ সালে কুমিল্লায় জন্ম নেন। ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। তিনি ২০০৩ সালে আপিল বিভাগের বিচারক পদে নিযুক্ত হন। ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি তার অবসরে যাওয়ার কথা রয়েছে।