রোকনউদ্দিন মাহমুদসহ চার আইনজীবীর বিরুদ্ধে মামলা
সুপ্রিম কোর্ট চত্বরে গত বৃহস্পতিবার ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রোকন উদ্দিন মাহমুদসহ চার আইনজীবীর বিরুদ্ধে সোমবার মহানগর মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন সম্মিলিত আইনজীবী পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুর রহিম ও আসওয়াফুর রহমান।
মুখ্য মহানগর আদালতের ম্যাজিস্ট্রেট এবিএম আবুল ফাত্তাহর আদালতে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা শাজাহান সিরাজের জামাতা ব্যারিস্টার ওমর সাদাত মামলাটি দায়ের করেন।
মামলা দায়েরের পর আর্জির বিষয়টি খতিয়ে দেখার জন্য ম্যাজিস্ট্রেট আবুল ফাত্তাহ সংশ্লিষ্ট থানার (শাহবাগ) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার আর্জিতে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিট মামলার শুনানির উপর প্রধান বিচারপতি স্থগিতাদেশ দিলে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের নেতৃত্বে অপর আসামীরা অ্যাটর্নি জেনারেলকে ভয়ভীতি দেখায়। আসামিদের নির্দেশ ও প্ররোচনায় বহিরাগত সন্ত্রাসীরা প্রধান বিচারপতির খাস কামরা ও তাঁর আদালতে ভাংচুর চালিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন করেছে।
এতে আরো বলা হয়, আসামী সুব্রত চৌধুরী সুপ্রিম কোর্টের সামনে টাঙানো জাতীয় পতাকা নামিয়ে ফেলেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আসামিদের নির্দেশ ও প্ররোচনায় আদালতের এক কর্মকর্তার গাড়িতে অগ্নি সংযোগ করে বিপুল পরিমাণ টাকার ক্ষতি করা হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরায়োনা জারি করে সুবিচার করার জন্য আর্জিতে আবেদন জানানো হয়েছে।
এ ব্যাপারে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “নিজেদের অপকর্ম ঢাকার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের জামাতাকে দিয়ে এই মিথ্যা মামলা করানো হয়েছে।”
ইনায়েতুর রহিম বলেন, “বিএনপি-জামাত জোট নেতারা তাদের আত্মরক্ষার কৌশল হিসেবে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা করা হয়েছে। অভিযোগকারীদের সঙ্গে হাওয়া ভবনের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই ভবনের আস্থা অর্জনের জন্যই এ মামলা করা হয়েছে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এম আমিনউদ্দিন বলেন, “আইনজীবী নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার ফলে এটাই প্রমাণিত হয় যে বিএনপি-জামাত জোট আইনের শাসন প্রতিষ্ঠার বিপক্ষে।”
