যুবদল নেতা হত্যা: ঝিনাইদহে আধাবেলা হরতাল পালিত
যুবদল নেতা হত্যার প্রতিবাদে চার দলীয় জোট সোমবার ঝিনাইদহ শহরে সকাল-দুপুর হরতাল পালন করেছে।
শুক্রবার রাতে শহরের আদর্শপাড়ায় সন্ত্রাসীরা যুবদলের সাংগঠনিক সম্পাদক হায়দার আলী হাদুকে নিজের বাড়ির সামনে গুলি ও বোমা মেরে হত্যা করে। হত্যার প্রতিবাদে স্থানীয় চার দলীয় জোট এই হরতাল আহ্বান করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন দোকানপাট, ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ ছিল। পিকেটাররা শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ছাড়া বিক্ষোভকারীরা কৃষি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে।
হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে চার দল শহরে বিক্ষোভ-সমাবেশ করেছে।
