সমঝোতার পথে আগ্রগতির আভাস, অবরোধ স্থগিত, ইসি ঘেরাও চলবে
চলমান রাজনৈতিক সংকট মীমাংসার পথে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে সোমবার। নির্বাচন কমিশন সংস্কার, ভোটার তালিকা সংশোধন ও প্রশাসনে গুরুত্বপূর্ন কিছু রদবদলের বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছা গেছে বলে উপদেষ্টারা জানিয়েছেন।
আর এই অগ্রগতির ধারায় তত্ত্বাবধায়ক সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করার জন্য কিছুটা সময় দিতেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তাদের পাঁচ দফা দাবিতে ডাকা লাগাতার অবরোধ কর্মসূচি সোমবার রাতে স্থগিত করেছে। তবে নির্বাচন কমিশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইসি সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। রাজনৈতিক সংকটের জট ছাড়ানোর কাজে অগ্রগতি হয়েছে বলে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের মন্তব্যের পর অবরোধ স্থগিতের এই ঘোষণাকে রাজনৈতিক অস্থিরতা থিতিয়ে আসার প্রথম ধাপ বলেই মনে করা হচ্ছে।
রাতে চলতি রাজনৈতিক সংকট সমাধানে উপদেষ্টাদের সর্বশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াও।
হাওয়া ভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান রাজনৈতিক অচলাবস্থার একটি সমাধান আমরাও চাই। তবে যে কোনো সমাধানই হতে হবে সংবিধান সম্মত উপায়ে। তা না হলে আমরা এটা মানবো না।”
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোমবার রাতে তার ধানমণ্ডি কার্যালয়ে সাংবাদিকদের অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, “আগামিকাল মঙ্গলবার থেকে জনগণ তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাবেন। তবে নির্বাচন কমিশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে অবস্থান ধর্মঘট চলবে।”
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তত্ত্বাবধায়ক সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করলে আমরা আবারও রাস্তায় নেমে আসবো। কারণ জনগণ আমাদের সঙ্গে আছে।” তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা হালনাগাদ করার পর নির্বাচনী তফসিল ঘোষণা করেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।
শেখ হাসিনা বলেন, “৯০ দিনের পরও নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। কারণ সংবিধান মানুষের জন্যই। সময় প্রয়োজন হলে জনগণ তা দেবে।”
রাজনৈতিক অচলাবস্থা নিরসনের জন্য উপদেষ্টাদের ঘোষণাকে স্বাগত জানিয়ে হাসিনা বলেন, “ঊনারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে ঘোষণা দেওয়ায় আমরা তাদের কিছু সময় দিতে চাই। তাতে দেশবাসীর আস্থা অর্জিত হবে বলেই আমাদের বিশ্বাস।”
মান্নান ভূঁইয়া ব্রিফিং-এ বলেন, “ভোটার তালিকা সংশোধন বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এটা একটি চলমান প্রক্রিয়া। নির্বাচনের আগের দিন পর্যন্ত এর সংশোধন হতে পারে।”
অপর এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, “১৪ দলের দাবি যদি তত্ত্বাবধায়ক সরকার এভাবে একের পর মেনে নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে থাকে তাহলে আমরাও তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হবো।”
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সব দল নির্বাচনে আসুন এটা তারাও চান।
অপর এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, “১৪ দলের দাবি যদি তত্ত্বাবধায়ক সরকার এভাবে একের পর মেনে নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে থাকে তাহলে আমরাও তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হবো।”
বঙ্গভবনে টানা দ্বিতীয় দিনের মত কয়েক ঘণ্টার বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম ‘সমাধানের কাছাকাছি পৌঁছে গেছেন’ বলে যে ইঙ্গিত দিয়েছিলেন, ১৪ দলের অবরোধ স্থগিতের মধ্য দিয়ে তারই প্রতিফলন দেখা গেলো। উপদেষ্টা তখন ১৪ দলের অবরোধ প্রত্যাহার করার ব্যাপারেও আশা প্রকাশ করেন। এর মধ্য দিয়ে রাজনৈতিক সংকট নিরসনে উপদেষ্টাদের সাম্প্রতিক সময়ের উদ্যোগ কিছুটা হলেও ফলপ্রসু হয়েছে বলে ধরেই নেওয়া যায়। তবে উপদেষ্টারা কোনো দলের চাপ বা দাবির মুখে এসব সিদ্ধান্ত নিচ্ছেন না বলেও জোরালো মত প্রকাশ করেন।
বঙ্গভবনে টানা বৈঠক শেষে বেরিয়ে এসে উপদেষ্টা মাহবুবুল আলম ও হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা সংশোধনের উপায় খুঁজে দেখা হচ্ছে। আর এটা হলো মূল ‘প্যাকেজ প্রস্তাব’ এরই একটি অংশ।
দুই উপদেষ্টা তখন সুনির্দিষ্টভাবে জানান, শিগগিরই প্রশাসনের কয়েকজন শীর্ষ পর্যায়ের সচিবকে বদলি করা হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে।
তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, ভোটার তালিকার সংশোধন ও হালনাগাদ, গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনী তফসিল পরিবর্তনের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন সোমবার রাতে বৈঠকের পর মঙ্গলবার তাদের সিদ্ধান্তের কথা জানাবে।
নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মাহবুবুল আলম বলেন, “সবাইকে তো আর ছুটিতে পাঠানো যায় না। আমরা কয়েকজনকে অনুরোধ করবো, মানবেন কিনা সেটা তাদের ব্যাপার। তাদের পদটি হলো সাংবিধানিক। কাজেই তারা না চাইলে তো জোর করে পাঠানো যাবে না।” এম এ আজিজকে অনুরোধ করার পর তিনি ছুটিতে চলে গেছেন বলেও তথ্য উপদেষ্টা উল্লেখ করেন। নতুন কমিশনার নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে উপদেষ্টারা জানান।
