২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু ৮ ডিসেম্বর থেকে

৮ ডিসেম্বর থেকে সারা দেশে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। এ জন্য সহায়ক কর্মকর্তারা ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক ভোটারের বাড়ি যাবেন। নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামি ১৩ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সহকারী রেজিস্ট্রেশন অফিসার বাদযোগ্য ভোটারের বিষয়ে শুনানি এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি তালিকা সংশোধন করবেন।

সংশোধন কাজের সময় নাম বাদ দেয় ছাড়াও ভোটার হওয়ার যোগ্য কেউ বাদ পড়ে থাকলে তা অন্তর্ভুক্তি এবং নামের ভুল সংশোধনের জন্য নির্ধারিত ফরমে সহায়ক কর্মকর্তাদের কাছে আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে ভোটার হওয়ার অযোগ্য কারও নাম তালিকায় থাকলে বা কারও নাম একাধিকবার থাকলে তাও বাদ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সহায়ক কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এছাড়া আগামী নির্বাচনে কোনো প্রার্থীর মনোনয়ন পত্রে যেসব ভোটার প্রস্তাবক বা সমর্থক হবেন তারা তাদের ভোটার নাম্বার জানার জন্য সংশ্লিষ্ট জেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।