২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনেকখানি অগ্রগতি হয়েছে বলে উপদেষ্টাদের দাবি

বঙ্গভবনে টানা দ্বিতীয় দিনের মতো বৈঠক শেষেও বর্তমান রাজনৈতিক সংকটের কোনো সুনির্দিষ্ট সমাধান দিতে পারেননি উপদেষ্টারা। অবশ্য সমাধানের খুব কাছাকাছি পৌঁছেছেন বলে তারা দাবি করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এর পরিপ্রেক্ষিতে ১৪ দলের অবরোধ প্রত্যাহার করা হতে পারে বলে তারা আশা প্রকাশ করেন। তবে উপদেষ্টারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো দলের চাপ বা দাবির মুখে এসব সিদ্ধান্ত নিচ্ছেন না।

উপদেষ্টাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও জোটের নেতৃবৃন্দ এ নিয়ে একটি জরুরি বৈঠকে বসেছেন।

বঙ্গভবনে টানা ছয় ঘন্টার বৈঠক শেষে বেরিয়ে এসে উপদেষ্টা মাহবুবুল আলম ও হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা সংশোধনের উপায় খুঁজে দেখা হচ্ছে। আর এটা হলো মূল ‘প্যাকেজ প্রস্তাব’ এরই একটি অংশ।

দুই উপদেষ্টা সুনির্দিষ্টভাবে জানান, শিগগিরই প্রশাসনের কয়েকজন শীর্ষ পর্যায়ের সচিবকে বদলি করা হবে। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে কাদের বদলি করা হবে-সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তারা কিছু বলেননি।

তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, ভোটার তালিকার সংশোধন ও হালনাগাদ, গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনী তফসিল পরিবর্তন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন সোমবার রাতে বৈঠকের পর মঙ্গলবার তাদের সিদ্ধান্তের কথা জানাবে।

১৪ দলের অবরোধ প্রত্যাহার প্রসঙ্গে উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বলেন, “আমরাও চাই, দেশবাসীও চায়, ১৪ দল এমন কোনো কর্মসূচি দেবেন না যা কিনা জনজীবনকে বাধাগ্রস্ত করে।” অবরোধ প্রত্যাহার করা হতে পারে বলে তারা আশা প্রকাশ করেন।

নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে মাহবুবুল আলম বলেন, “তারা সাংবিধানিক দায়িত্বে আছেন। তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। আমরা এর আগে আজিজ সাহেবকে ছুটিতে যাওয়ার অনুরোধ করেছিলাশ। তিনি তা রেখেছেন। এবারও দুই একজন কমিশনারকে ছুটিতে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।”

নির্বাচন কমিশন নিয় রাজনৈতিক দলগুলোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য কয়েকটি রাজনৈতিক দলের কিছু প্রস্তাব ছিল, দুয়েকজন নির্বাচন কমিশনারের ব্যাপারে তাদের আপত্তি বা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা সেগুলো বিবেচনা করেছি।”

উপদেষ্টারা বেশ কয়েকবার সাংবাদিকদের নিশ্চিত করেন যে “কোনো দলের চাপের বা দাবির মুখে এটা করা হচ্ছে না। ”

জনপ্রতিনিধি যারা হবেন তাদের সঙ্গে বলেই নির্বাচন কমিশন সংস্কারে উদ্যোগ নেওয়া হবে বলেও উপদেষ্টারা অভিমত ব্যক্ত করেন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য উপদেষ্টারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে তারা জোর দিয়ে বলেছেন।