বাংলাদেশীরা অনেক পেশায় ব্রিটিশদের চেয়ে এগিয়ে যাচ্ছে: আনোয়ার চৌধুরী
বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশরা বর্তমানে সেদেশের বিভিন্ন পেশায় ব্যাপক অবদান রাখছে। পাশাপাশি এ প্রজন্মের বাংলাদেশী বংশোদ্ভুতরা অনেক ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের চেয়ে এগিয়ে রয়েছেন।
ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সোমবার বিকেলে তার বাসায় এক সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করেন।
বার্মিংহাম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশী ইয়ুথ ফোরাম (বিওয়াইএফ)-এর ২০ দিনের সফর উপলক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ’রিকানেক্ট এইড প্রোগাম’-এর আওতায় বিওয়াইএফের ১৭ সদস্যের একটি ফুটবল দল সোমবার ঢাকায় এসেছে। এদের ১৫ জন বাংলাদেশী বংশোদ্ভুত।
প্রতিনিধি দলের নেতা আফতাব রহমান জানান, মূলতঃ সাংষ্কৃতিক ঐতিহ্যের সঙ্গে মেলবন্ধন ঘটাতেই প্রতিনিধি দলটি বেশ কয়েকটি শহরে প্রদর্শনী ফুটবল ম্যাচে অংশ নেবে। এছাড়া তারা ইংরেজী শিক্ষার জন্য বাংলাদেশের সঙ্গে ব্রিটিশ স্কুলের মধ্যে লিংক প্রোগাম, ক্যানসার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা এবং আর্সেনিকমুক্ত পানি সরবরাহের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলে টিউবয়েল সরবরাহ করবেন।
ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের মেলবন্ধন ঘটানো যে জরুরি সেটা আমরা বার বার বলে আসছি। এ সফরের মাধ্যমে বিওয়াইএফের সদস্যরা নিজেদের ঐতিহ্যের বিষয়টি যথাযথভাবে উপলব্ধি করতে পারবে।
বাংলাদেশী বংশোদ্ভূত এ কূটনীতিক জানান, বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় বলেই ব্রিটেনের উন্নয়ন সহায়তার পরিমাণ প্রায় ৫০ ভাগ বেড়ে ২৫০ মিলিয়ন ডলার হয়েছে।
আনোয়ার চৌধুরী বলেন, রাজনৈতিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি সুশাসন নিশ্চিত হলে আগামিতে ব্রিটিশ সহায়তা আরো বাড়বে।
ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূতদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
রেস্তোঁরা ব্যবসার বিকাশে বাংলাদেশের লোকজনের ব্যাপক অবদান রেখেছেন। যা নিয়ে আমরা গর্ব করি। কিন্তু এখন অন্যান্য পেশাতেও ভালো করছেন বাংলাদেশের লোকজন। এগিয়ে যাচ্ছেন তারা অনেক ব্রিটিশের তুলনায়।
প্রধান দু’দলের নেতাদের সঙ্গে আলোচনার উল্লেখ করে ব্রিটিশ দূত বলেন, বিএনপি ও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে সে বিষয়ে কোন সংশয় নেই।
নির্বাচন নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রধান দলগুলোকে অবশ্যই সমঝোতায় পৌঁছাতে হবে। তা না হলে নির্বাচন অর্থবহ হবে না।
