উপদেষ্টাদের ‘প্যাকেজ’ উদ্যোগের প্রশংসা করলেন সফরকারী মার্কিন মন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টর উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন গ্যাস্টরাইট বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে তত্ত্বাবধায়ক সরকারের ‘প্যাকেজ প্রস্তাবের’ প্রশংসা করেছেন।
গতকাল রাতে বাংলাদেশ সফরে আসা জন গ্যাস্টরাইট সোমবার সকাল ১০.৩০মিনিটে অর্থ মন্ত্রণালয়ে এসে অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খানের সঙ্গে দেখা করেন। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি তার মতামত জানান ।
গ্যাস্টরাইটে মতে, তত্ত্বাবধায়ক সরকার একটি ‘সৃজনশীল’(ক্রিয়েটিভ) প্রস্তাব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। এখন সব রাজনৈতিক দলগুলোর উচিৎ এ সরকারকে সাহায্য করা। রাজনৈতিক দলগুলোকে সহনশীল ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, চলমান রাজনৈতিক সমস্যাগুলো মিটিয়ে ফেলার এখনই সময়।
মার্কিন উপ মন্ত্রী বলেন, “আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবো এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহযোগিতার মনোভাব নিয়ে তাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো।”
তিনি বলেন, উপদেষ্টারা একটি স্বচ্ছ ধারণা ও প্রস্তাবনা নিয়ে এগোচ্ছেন। যা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সহায়তা করবে। উপদেষ্টারা খুবই সতর্কতার সঙ্গে সামনে এগোচ্ছেন এবং এটা ইতিবাচক ফল নিয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
