২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন উপদেষ্টার সমঝোতা ‘প্যাকেজ’ মিশন

সমঝোতার প্যাকেজ প্রস্তাব নিয়ে তিন উপদেষ্টা রোববার রাতে ব্যস্ত সময় কাটিয়েছেন। আলোচনা করেছেন দেশের প্রধান দু’টি রাজনৈতিক জোটের সঙ্গে। আর এর প্রেক্ষিতে তারা আশাবাদী শিগগিরই সমস্যার জট খুলে যেতে পারে। প্রধান দু’টি রাজনৈতিক দল এ উদ্যোগ সম্পর্কে সতর্ক মন্তব্য করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 11:55 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

দেশের চলমান রাজনৈতিক সংকট মোচনে গতকাল সরকারি পর্যায়ে নানামুখী চেষ্টা শুরু হয় সকাল থেকেই। বঙ্গভবনে উপদেষ্টামণ্ডলীর ছয় ঘন্টার ম্যারাথন বৈঠক থেকে উপদেষ্টারা সমঝোতার একটি প্যাকেজ প্রস্তাব তৈরি করেন। আর সেই প্রস্তাব নিয়ে দু’টি রাজনৈতিক জোটের সঙ্গে কথা বলার জন্য গঠন করা হয় ৩ সদস্যের একটি কমিটি।

গঠিত কমিটি প্রথমে বিএনপি পরে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টারা বলেছেন, দুই জোটের সঙ্গেই তাদের ‘খোলামেলা ও আন্তরিক’ আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই তারা একটা সমঝোতায় পৌঁছাতে পারবেন। তবে দুই জোটের নেতারা বলেছেন, এ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি।

ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ, নতুন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং নির্বাচনী তফসিল বাতিলসহ ১৪ দলের পাঁচ দফা দাবিতে ডাকা অবরোধ কর্মসূচি চলছে। গতকাল একে কেন্দ্র করে সিলেটে একজনের প্রাণও গেছে। রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে হয়েছে বিছিন্ন সহিংসতা।

উপদেষ্টামণ্ডলীর বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত কমিটির তিন সদস্য ফজলুল হক, সি এম শফি সামি ও মাহবুবুল আলম হাওয়া ভবনে ৪ দলীয় জোটের সঙ্গে প্রথম কথা বলেন। সন্ধ্যা ৬ টার দিকে তারা সেখানে পৌঁছান। বৈঠকে জোটের পক্ষে উপস্থিত ছিলেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, মহসচিব আবদুল মান্নান ভূঁইয়া, কে এম ওবায়দুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।

হাওয়া ভবনে এই বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, উপদেষ্টাদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সেখানে কি কথা হয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানিয়ে বলেন, “১৪ দলের সঙ্গে উপদেষ্টারা আলোচনা করবেন। তাদের সিদ্ধান্ত জানার পর আমরা আমাদের প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানাবো।”

তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম এসময় বলেন, শনিবার দুই জোটের নেত্রীর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনার ধারাবহিকতাতেই তারা এ উদ্যোগ নিয়েছেন। রোববারের সারাদিনের পুরো প্রক্রিয়াকেই তিনি ফলপ্রসু বলে উল্লেখ করেন।

এরপর রাত সোয়া ৯টায় উপদেষ্টা কমিটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সঙ্গে ধানমণ্ডির সুধাসদনে বৈঠকে বসে।

রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত চলা এই বৈঠক শেষে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “১৪ দলের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তাদের দাবিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আশাবাদী খুব শিগগিরই একটা সমাধানে পৌঁছাতে পারবো।”

তিনি জানান, তারা রোববার রাতের এই আলোচনার বিষয়বস্তু নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে বসবেন।

“কাল অথবা পরশু আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।” কোনো সমাধানের পথ খুঁজে পেলেন কিনা-এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “আমরা একটা সমাধানের দিকেই এগুচ্ছি।”

অন্যদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, “উপদেষ্টারা আমাদের কাছে প্যাকেজ প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমরা তাদের কাছে আমাদের অবস্থান স্পষ্ট করেছি। উপদেষ্টারা আমাদের জানিয়েছেন, কাল-পরশুর মধ্যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন।”

উপদেষ্টাদের প্যাকেজ প্রস্তাব নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা-সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে জলিল বলেন, “ এ নিয়ে কিছু বলার সময় এখনও আসেনি। সময়ই বলে দেবে আমরা সন্তুষ্ট কি-না!”

জলিল বলেন, “উপদেষ্টারা তাদের সিদ্ধান্ত জানানোর পর আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবো।”

অবরোধের প্রশ্নে তিনি বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং আমাদের দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।”

রোববার রাত সোয়া ৯টায় শুরু হওয়া এ বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, শেখ সেলিম, সাবের হোসেন চৌধুরী, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও গণফোরামের পক্ষে পংকজ ভট্টাচার্য।

এর আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে উপদেষ্টামন্ডলী ও নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকারের দিনব্যাপী বৈঠক বিকেল পাঁচটায় শেষ হয়। সকাল ১১ টায় বঙ্গভবনে তারা আলোচনায় বসেন।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, শনিবার দুই জোটের নেত্রীর সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের মধ্যে যে কথা হয়েছে তা নিয়েই উপদেষ্টামণ্ডলীর বৈঠকে মূলত আলোচনা হয়েছে। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ও এতে অন্তর্ভুক্ত ছিল। তিনি আরও বলেন, এই বৈঠকে যেসব কথা হয়েছে সেগুলোই দুই জোটের কাছে পৌঁছে দিতে তারা আজই তাদের সঙ্গে দেখা করবেন।

উপদেষ্টা বলেন, তফসিল পুনর্বিন্যাস না হলেও পুনঃনির্ধারণের বিষয়টি প্যাকেজের মধ্যে আছে। রাষ্ট্রপতির সঙ্গে রোববারের বৈঠককে ‘ফলপ্রসু’ উল্লেখ করে তিনি বলেন, চলমান সংকটের সমাধান বড় দুই জোটই কেবল করতে পারে। উপদেষ্টারা শুধু সহযোগীর ভূমিকা পালন করছে। তিনি জানান, দুই জোটের সঙ্গে আজ রাতেই কথা বলার পর তারা নিজেরা আবার বৈঠকে বসে একটা সমাধানে পৌঁছার চেষ্টা করবেন। সোমবারের মধ্যেই একটা সমাধানে পৌঁছানো যাবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন।

এর আগে বঙ্গভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “অপেক্ষা করুন, আপনাদের জন্য ভালো খবর আছে।”

শনিবার রাতে রাষ্ট্রপতি ১০ উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদা আলাদাভাবে বঙ্গভবনে সাক্ষাৎ করেন। এসময় উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে খালেদা জিয়া পূর্বঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং অবরোধ কর্মসূচি প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে শেখ হাসিনা প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটারতালিকা সংশোধনসহ পাঁচ দফা দাবি জানান।