গ্যাস্টরাইট রবিবার ঢাকা আসছেন
মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন এ গ্যাস্টরাইট রবিবার গভীর রাতে দুদিনের সফরে ঢাকায় আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার উপদেষ্টামণ্ডলির সদস্য ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন গ্যাস্টরাইট। এর আগে সকালে তিনি পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের দেয়া মধ্যহ্নভোজে যোগ দেবেন।
গ্যাস্টরাইট রাতে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিসের বাসায় রাজনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে মিলিত হবেন। দূতাবাস সূত্রে জানা গেছে, এতে উপস্থিত থাকবেন বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, এলডিপি ও জেপি(মঞ্জু)-এর নেতারা ।
উর্ধ্বতন এ মার্কিন কর্মকর্তা মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। এছাড়া তিনি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী গ্যাস্টরাইটের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
