২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই জোটের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচি পালনের সময় রোববার বগুড়ায় ১৪ দল ও চার দলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 08:13 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

এসময় উভয়পক্ষ কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটালে শহরে আতংক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ উপলক্ষে শহরতলির মাটিডালি তিনমাথা মোড়ে সকাল ১১ টার দিকে ১৪ দল বিক্ষোভ-সমাবেশ করে। সমাবেশ শেষে নেতা-কর্মীরা শহরে ফেরার পথে মাটিডালি বাজারে চার দলের মিছিলের মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

পরে ১৪ দলের নেতা-কর্মীরা আশপাশের বিভিন্ন বাড়িতে আশ্রয় নিলে চার দলের কর্মীরা এলাকা ত্যাগ করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক জানান, আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন কর্মী মিছিল নিয়ে আসার সময় চার দলীয় জোটের কর্মীদের অপর একটি মিছিলের সামনে পড়ে। এসময় সম্ভাব্য সংঘাত এড়াতে ১৪ দলীয় জোট পিছু হটলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে কাকে ধাওয়া করেছে তা তিনি বলতে পারেননি।