২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ১৫ আসনে ৪০ বিএনপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা

বৃহত্তর চট্টগ্রামের ১৫টি সংসদীয় আসনে বিএনপির ৪০ মনোনয়ন প্রত্যাশী রবিবার ঢাকায় দলীয় কার্য্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রামের ১৪ দলের নেতাকর্মীরা যখন অবরোধ পালনে ব্যস্ত তখন বিএনপির সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রাম বিএনপির শীর্ষ নেতারা ব্যস্ত ছিলেন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিতে।

নগরীর সংসদীয় আসন-৯ থেকে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান ছাড়া আর কেউ মনোনয়ন পত্র কেনেননি। সংসদীয় আসন-১০ থেকেও বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে সাবেক মন্ত্রী এম মোরশেদ খান এবং বাঁশখালী আসনে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, পটিয়া আসনে সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল, রাঙ্গুনিয়া আসনে সাবেক প্রধাণমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, রাউজান আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, সাতকানিয়া আসনে শেখ মোহাম্মদ মহিউদ্দিন বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন।

এছাড়া, নগরীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন-৮ থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন সরাইপাড়া ওয়ার্ড কমিশনার শামসুল ইসলাম।

চট্টগ্রামের ১৫টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে আনোয়ারায়। এই আসনে ৬ জন প্রার্থী দলের মনোনয়ন সংগ্রহ করেছেন। দেশজুড়ে আলোচিত জামালউদ্দিন অপহরণ ঘটনার পর এ আসনটি নানাসময়ে ঘুরেফিরে বারবার আলোচনায় এসেছে। এ আসনে মনোনয়ন পত্র সংগ্রহকারীদের মধ্যে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের পাশাপাশি রয়েছে অপহ্রত জামালউদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা লিটনসহ আরো ৫জন।

সংসদীয় আসন-২(সীতাকুন্ড) থেকে বিএনপির সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী এল কে সিদ্দিকী মনোনয়ন পত্র সংগ্রহ থেকে বিরত রয়েছেন। এ আসনে সাবেক আইজি এ ওয়াই বি আই সিদ্দিকী ও তার নিকটাত্মীয় আমীর সিদ্দিকী ও ড.ইনামুল হকসহ ৪ জন, চন্দনাইশ আসনে উপজেলা বিএনপির আহবায়ক আবু তাহের, যুগ্ম আহবায়ক আবদুল জব্বার ও এম এ হাশেম রাজুসহ ৬ জন, ফটিকছড়ি আসনে আফসারউদ্দিন আহমদ ও বেগম নুরী আরা ছাফাসহ ৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন ।