২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনডিআই এর প্রতিবেদন প্রত্যাখ্যান করলো নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা এনডিআই এর ভোটার তালিকা সংক্রান্ত প্রতিবেদন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান রোববার সাংবাদিকদের বলেন, “এনডিআই এর প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। সেখানে যে প্রায় এক কোটি ২২ লাখ ভুয়া ভোটারের কথা বলা হয়েছে, তার সঙ্গে আমি একমত নই।”

তবে মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত প্যাট্রেসিয়া এ বিউটেনিস সাংবাদিকদের বলেন, “এনডিআই এর জরিপ প্রতিবেদনটি গুরুত্বপূর্ন ও বস্তুনিষ্ট। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এ তালিকা সংশোধন করা দরকার।”

ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সকালে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।

এনডিআই এর ৩ সদস্যের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে বিউটেনিস ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

সকাল পৌনে ১১ টায় এনডিআই প্রতিনিধি দল ও মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠকে বসেন ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে। ১১ টা ২০ মিনিটে বৈঠক থেকে বের হয়ে এসে মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিস নির্বাচন কমিশনের গাড়ি বারান্দায় সাংবাদিকদের বলেন,“আমরা মনে করি, নির্বাচন কমিশন ও এনডিআই এক সঙ্গে বসে ভোটার তালিকা সংশোধন করা সম্ভব। তালিকায় বাড়তি ভোটার থাকার মূল কারণ হচ্ছে মানুষের স্থানান্তর। এ বিষয়টি পরিষ্কার করতে দুই রাজনৈতিক দলের সঙ্গে বসার জন্য এনডিআইকে বলেছি আমি।”

রাষ্ট্রদূত ও এনডিআই প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ভারপ্রাপ্ত সিইসি মাহফুজুর রহমান তার কক্ষে সাংবাদিকদের বলেন, “এনডিআই জরিপের তথ্য ভিত্তিহীন। সংস্থাটি এক কোটি ২২ লাখ ভুয়া ভোটারের কথা বলেছে। এ হিসেবের সঙ্গে আমরা একমত নই। তারা দেখিয়ে দিক কোথায় এ ভুল হয়েছে, আমরা সংশোধন করে নেবো।”

ভারপ্রাপ্ত সিইসি বলেন, “এর আগে ২০০১ সালে তারা ৬৪ লাখ ভুয়া ভোটারের কথা বলেছিল। পরে আবার তারা তা সংশোধন করে নেয়।”

ভোটার তালিকা সংশোধন নিয়ে তিনি বলেন, “সংশোধন একটি চলমান প্রক্রিয়া; এটা তো চলছে। কেউ ভুয়া ভোটার দেখিয়ে দিলে আমরা তা সংশোধন করে নেবো। কিন্তু কেউ তো আসছে না। আমরা তো বারবার বলছি।”

তিনি আরো বলেন, “ভোটার তালিকার ভুল-ত্রুটি কোন দেশে না হয়! কিন্তু এসব ক্রুটি সংশোধন করা যায়। আদালত আমাদের বলেছে, বিদ্যমান ভোটার তালিকায় (২০০০ সালের মূল ভোটার তালিকা) হাত দেওয়া যাবে না। এটাকে ভিত্তি করে আমাদের চলতে হচ্ছে। এতে ভুয়া ভোটার থাকলেও করার কিছু নেই। আপীল বিভাগের রায়ে আমাদের হাত-পা বাঁধা। তবে হালনাগাদ ভোটার তালিকা নির্ভুল করার সব রকম চেষ্টা তো আমরা করছি।”

তফসিল পরিবর্তনের প্রসঙ্গে মাহফুজু রহমান বলেন, “কোনো প্রস্তাব হাতে আসেনি। এলে দেখবো।”

ভোটার তালিকা ও দুই রাজনৈতিক দলের সংলাপ প্রসঙ্গে বিউটেনিস বলেছেন, “এখন দুই রাজনৈতিক দলের যে সংলাপ চলছে তার কেন্দ্রবিন্দু হল ভোটার তালিকা। এ প্রশ্নে সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে উপসংহারে পৌঁছাতে হবে, আমাদের সামনে সময় খুব কম।”

ভোটার তালিকায় থাকা বাড়তি ভোটার কোন রাজনৈতিক দলেরই কাজে আসবে না বলেও তিনি মন্তব্য করেন।

এরপর বেলা ১২ টায় নির্বাচন কমিশনের সঙ্গে সোয়া ঘন্টাব্যাপী বৈঠক শেষে বের হয়ে আসেন এনডিআই এর প্রতিনিধি দল। সংস্থাটির আবাসিক প্রতিনিধি ড. ওয়েন লিপার্ট অপেক্ষমান সাংবাদিকদের বলেন, “ভোটার তালিকায় একই নাম একাধিকবার রয়েছে, ভুয়া ভোটারও রয়েছে। এটা সংশোধন প্রয়োজন।”

তিনি বলেন, “এটা নির্বাচন কমিশনের একার কাজ নয়। নির্বাচন কমিশন, স্থানীয় সরকার এবং সব রাজনৈতিক দলকে একসঙ্গে বসে এটা ঠিক করতে হবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যই এ কাজ করা দরকার।”