২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে: সুলতানা কামাল

তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল রাষ্ট্রপতির সঙ্গে ১০ উপদেষ্টার বৈঠকের ব্যাপারে বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রগুলো তারা চিহ্নিত করেছেন। এ সপ্তাহের মধ্যেই ফলাফল পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2006, 07:03 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যেসব ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলোর ব্যাপারে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা একমত হয়েছেন কি না- এ ব্যাপারে জানতে চাইলে সুলতানা কামাল বলেন, “তিনি অবশ্যই একমত পোষণ করেন। তারপরও আমরা এ ব্যাপারে সতর্কতার সঙ্গে এগুচ্ছি।”

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে উপদেষ্টামন্ডলী এবং নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকারের বৈঠক বিকাল ৫টার দিকে শেষ হয়। রোববার সকাল ১১টায় বঙ্গভবনে তারা আলোচনায় বসেন।

বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু না বললেও উপদেষ্টা সুলতানা কামাল আলোচনার বিষয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন, নির্বাচন কমিশন, ভোটার তালিকা পর্যালোচনা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।

সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য যে যে ক্ষেত্রগুলো চিহ্নিত করা দরকার সেগুলো আমরা চিহ্নিত করেছি। এগুলো নিয়ে আলোচনা চলছে। এ সপ্তাহের মধ্যেই ফলাফল পাওয়া যাবে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবার জোরালোভাবেই বলছি, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করব।”

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচনী তফসিলের ব্যাপারে সুলতানা কামাল প্রয়োজনে তফসিল পুনর্গঠন হতে পারে বলেও ইঙ্গিত দেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ১০ উপদেষ্টার রোববারের বৈঠকের ব্যাপারে তিনি বলেন, “আমরা অনেক দূর এগিয়েছি।”

সাংবাদিকরা এনডিআইয়ের ভোটার তালিকা সংক্রান্ত প্রতিবেদনের ব্যাপারে প্রশ্ন করলে সুলতানা কামাল বলেন, “বৈঠকে এনডিআইয়ের রিপোর্ট নিয়েও আলোচনা হয়েছে। তাদের দেওয়া তথ্য সঠিক কি না সেটি আমরা পর্যালোচনা করে দেখব।”

চলমান লাগাতার অবরোধ কর্মসূচির ব্যাপারে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ১৪ দলের দাবি অনুযায়ী যদি কিছু ফল দেওয়া যায় তাহলে তারা তা বিবেচনা করে দেখবেন। তবে অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণই ১৪ দলের ওপর নির্ভর করবে বলে তিনি জানান।

সুলতানা কামাল বলেন, “সবাই চাইছে ভালোভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক। চার দল, ১৪ দল এবং সমমনা রাজনৈতিক দলসহ সবাই চাচ্ছে প্রকৃতভাবে নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতায় যাক।”

সব রাজনৈতিক দলের এ সদিচ্ছার ওপর জোর দিয়েই উপদেষ্টা কমিটি সঙ্কট নিরসনে প্রধান দুই রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।