২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক সঙ্কট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন মান্নান ভুঁইয়া

চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 11:12 AM

Updated : 26 Apr 2022, 04:06 PM

রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই ঘণ্টার বৈঠক শেষে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এক তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন।

সাংবাদিকদের তিনি জানান, “বৈঠকে চলমান সঙ্কট রাজনৈতিকভাবে সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা রাষ্ট্রপতিকে বলেছি ১৪ দলের সর্বশেষ দাবি জানার পর আমরা জোটগতভাবে আমাদের বক্তব্য জানাবো।”

তিনি বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতে চাই। নির্বাচনী তফসিল পরিবর্তনের ব্যাপারে আপত্তি নেই। তবে নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ঠিক রেখে বাকি পরিবর্তন আনতে হবে।”

এক প্রশ্নের জবাবে তিনি জানান, “অবরোধ প্রত্যাহারের ব্যাপারে আমরা রাষ্ট্রপতিকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। তিনি যেন ১৪ দলকে অবরোধ প্রত্যাহারের পরে আলোচনায় বসার অনুরোধ জানান।”

“বৈঠকে সর্বোচ্চ আদালতে গত বৃহস্পতিবারের ঘটনা তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।”

তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখা, নির্বাচনের তারিখ ঠিক রেখে তফসিল পরিবর্তন, আইন-শৃঙ্খলার উন্নয়ন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনিসহ চার দলীয় জোটের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনের বৈঠকে উপস্থিত ছিলেন বলে মান্নান ভুঁইয়া জানান। বাকিরা হলেন বিএনপির সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আরএ গনি, কেএম ওবায়দুর রহমান, এমকে আনোয়ার, খন্দকার দেলোয়ার হোসেন ও অ্যাডভোকেট মাহাবুবউদ্দিন আহমাদ, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের ফজলুল হক আমিনী, ও বিজেপির নাজিউর রহমান মঞ্জুর।

এদের মধ্যে সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিএনপির ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, জামায়াতের মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিজেপির নাজিউর রহমান মঞ্জুর।